...|...|...

সারাদেশ

‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলা সাজু শেখের স্ত্রী মারা গেছেন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, রাত ৮:১৩
Shares
‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলা সাজু শেখের স্ত্রী মারা গেছেন

সাজু শেখের স্ত্রী নূরজাহান বেগম (৭৫)। ছবি: সংগৃহীত

‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’ বলে স্ত্রীর জন্য দুমুঠো খাবারের আকুতি আকুতি জানিয়ে দেশজুড়ে আলোচিত হওয়া ৮০ বছর বয়সী সাজু শেখের স্ত্রী নূরজাহান বেগম (৭৫) আর নেই।

রবিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিকাল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা গেছে, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় নূরজাহান বেগমের। এরপর থেকেই চলাফেরার সক্ষমতা হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। কিন্তু অভাবের সংসারে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নেয়ার সামর্থ্য ছিল না পরিবারের। অসুস্থ স্ত্রীর সেবা-যত্ন করতে গিয়ে নিজেও চরম সংকটে পড়েন বৃদ্ধ সাজু শেখ। খাবার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাড় করতেই হিমশিম খেতে হতো তাদের।

প্রায় ৬৫ বছরের সংসারে তিন মেয়ে ও তিন ছেলের বাবা-মা ছিলেন সাজু শেখ ও নূরজাহান বেগম দম্পতি। তাদের তিন মেয়েরই বিয়ে হয়েছে। কিন্তু মেয়েদের কেউ কেউ মাঝেমধ্যে বাবার খোঁজ নিলেও তিন ছেলের মধ্যে একজন করোনাকালে নিরুদ্দেশ হয়ে গেলেও মাঝে মধ্যে খোঁজখবর রাখেন। আরেকজন ঢাকায় রিকশা চালান এবং বছরে দু'একবার বাড়িতে আসেন।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। তার অসহায়ত্বের সেই দৃশ্য ছুঁয়ে যায় দেশজুড়ে অসংখ্য মানুষের হৃদয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজ নেয়া হয়। পৌঁছে দেয়া হয় মানবিক সহায়তাও। তবে নানা প্রতিকূলতা আর বার্ধক্যের লড়াইয়ে শেষ রক্ষা হলো না। স্ত্রীকে হারিয়ে এখন একা হয়ে গেলেন বৃদ্ধ সাজু শেখ।