মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘আমি যাই গা।’ এটাই ছিল তার শেষ কথা।
সোমবার (১৬ নভেম্বর) ফেসবুকে করা এক পোস্টে এসব কথা বলেন তিনি।
টাইমস টুডের পাঠকদের জন্য আসিফ মাহমুদের করা পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
‘আমি যাই গা।’
এটাই ছিল তার শেষ কথা। বয়স তখন মাত্র বাইশ। সুনামগঞ্জ কলেজের ছাত্র জগৎজ্যোতি দাস একাত্তরে হয়ে উঠেছিলেন ভাটি অঞ্চলের এক কিংবদন্তি গেরিলা যোদ্ধা।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে ১৯৪৯ সালের ২৬ এপ্রিল তার জন্ম। সুনামগঞ্জ কলেজে পড়ার সময়ই রাজনীতি ও ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হন। মুক্তিযুদ্ধ শুরু হলে চলে যান ভারতে। মেঘালয়ে গেরিলা প্রশিক্ষণ শেষে দেশে ফিরে ৩৬ জন তরুণকে নিয়ে গড়ে তোলেন একটি গেরিলা দল। হাওরাঞ্চলের মানুষের কাছে দলটি পরিচিত হয়ে ওঠে ‘দাস পার্টি’ নামে।
সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চল ছিল তাদের যুদ্ধক্ষেত্র। চারদিকে জলাভূমি, কাদা আর দুর্গম নৌপথ। অস্ত্র ও গোলাবারুদও ছিল সীমিত। এর মধ্যেই দাস পার্টির ওপর দায়িত্ব পড়ে ভাটি অঞ্চলে পাকিস্তানি বাহিনীর নৌ-চলাচল ও সরবরাহব্যবস্থা ব্যাহত করার। একের পর এক গেরিলা অভিযানে তারা হানাদার বাহিনীর যোগাযোগ ও রসদ সরবরাহব্যবস্থায় আঘাত হানে। জগৎজ্যোতির সাহসী অভিযানে একসময় পাকিস্তানি বাহিনী তার মাথার দামও ঘোষণা করে।
কিন্তু বিজয়ের মাত্র ২৫ দিন আগে ঘটে যায় সেই নির্মম ঘটনা।
১৬ নভেম্বর ১৯৭১। বদলপুরে রাজাকারদের একটি দলের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে জগৎজ্যোতি ও তার সহযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন। কয়েক ঘণ্টার লড়াইয়ে পাকিস্তানি সেনারা পিছু হটতে শুরু করলে তাদের ধাওয়া করেন মুক্তিযোদ্ধারা। একপর্যায়ে জগৎজ্যোতি মাত্র তিনজন সহযোদ্ধাকে নিয়ে মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পাকিস্তানি সেনারা পাল্টা আক্রমণ করলে শুরু হয় অসম এক লড়াই।
দীর্ঘক্ষণ যুদ্ধের পর তার তিন সহযোদ্ধা আবু লাল, গোপেন্দ্র ও উপেন্দ্র শহীদ হন। জগৎজ্যোতির বাঁ পাঁজরেও গুলি লাগে। শরীরজুড়ে স্প্লিন্টারের যন্ত্রণা সহ্য করে তিনি শেষবার উচ্চারণ করেন "আমি যাই গা।" শহীদ হন জগৎজ্যোতি দাস।

জগৎজ্যোতি দাসকে মুক্তিযুদ্ধ চলাকালেই সর্বোচ্চ রাষ্ট্রীয় বীরত্বসূচক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও আকাশবাণীতেও তাকে বীরশ্রেষ্ঠ হিসেবে উল্লেখ করা হয়েছিল। স্বাধীন বাংলাদেশের সরকার সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে বীর বিক্রম পদকে ভূষিত করে।
আজকের এইদিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধীনতা সংগ্রামের এই নায়ককে।


