দীর্ঘ ৮৭ বছর ধরে অক্ষত থাকা ঘরোয়া লিগে টানা ম্যাচে গোল করার বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। আল খালিজের বিপক্ষে ১-১ গোলে ড্র করেও ইতিহাস গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এদিন গোল করে টানা ৯৪টি ঘরোয়া লিগ ম্যাচে জালের দেখা পাওয়ার কীর্তি গড়েছে তারা।
রেকর্ডটি ভাঙতে আল নাসরের সময় লেগেছে প্রায় তিন বছর। ২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে শুরু হয়েছিল তাদের এই ধারাবাহিকতা। এরপর প্রতিটি লিগ ম্যাচেই অন্তত একটি গোল করেছে দলটি। গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে রোনালদোর গোলের মাধ্যমে ৯৩ ম্যাচের পুরোনো রেকর্ডে ভাগ বসায় আল নাসর। এরপর আল খালিজের বিপক্ষে ম্যাচেই সেই সীমা ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ে তারা।
আল খালিজের বিপক্ষে আল নাসরের গোলটি করেন আবদুল্লাহ আল-হামদান। তার গোলেই টানা গোলের সংখ্যা ৯৪ ম্যাচে পৌঁছে যায়। এর ফলে ১৯৩০-এর দশক থেকে টিকে থাকা আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের রেকর্ডটি ভেঙে যায়।
১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩টি ঘরোয়া লিগ ম্যাচে গোল করেছিল রিভার প্লেট। সেই সময় তাদের বিখ্যাত দল ‘লা মাকিনা’র হয়ে খেলেছিলেন হোসে ম্যানুয়েল মোরেনো ও অ্যাডলফো পেদেরনেরার মতো কিংবদন্তি ফুটবলার। ওই ৯৩ ম্যাচে আর্জেন্টাইন ক্লাবটি মোট ৩০১ গোল করেছিল।
আল নাসরের এই রেকর্ডযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রোনালদোরও। ২০২৩ সালে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই আক্রমণভাগে দলের অন্যতম প্রধান ভরসা তিনি। ৯৩ ম্যাচের রেকর্ড স্পর্শ করার ম্যাচে আবহার বিপক্ষে গোল করে রোনালদোই যেন নতুন ইতিহাসের দ্বার খুলে দেন।
তবে রিভার প্লেটের আরও একটি রেকর্ড এখনো অক্ষত রয়েছে। সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করেছিল তারা। এর মধ্যে ৯৩টি লিগ ম্যাচ ছাড়াও পেনিয়ারোলের বিপক্ষে দুটি এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি কাপ ম্যাচ ছিল।
তাই ঘরোয়া সব প্রতিযোগিতা মিলিয়ে রিভার প্লেটের ৯৬ ম্যাচের রেকর্ড এখনো অক্ষত। তবে শুধু লিগের হিসাব ধরলে ইতিহাসের পাতায় নতুন করে জায়গা করে নিয়েছে আল নাসর। দীর্ঘ ৮৭ বছর পর রিভার প্লেটের রাজত্বের অবসান ঘটিয়ে নতুন বিশ্বরেকর্ড এখন রোনালদোদের ক্লাবের দখলে।


