...|...|...

জাতীয়

৬ মাসে ২,৮৭৯ শূন্য পদে নিয়োগের পরিকল্পনা সরকারের: সংসদে প্রতিমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, বিকেল ৩:৪৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০৫
Shares
৬ মাসে ২,৮৭৯ শূন্য পদে নিয়োগের পরিকল্পনা সরকারের: সংসদে প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

জনপ্রশাসন খাতে শূন্যপদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী।

জাতীয় সংসদের রবিবারের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২,৮৭৯টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এক বছরের মধ্যে ৪,৪৫৯টি এবং পাঁচ বছরের মধ্যে আরও ৩,১১০টি শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে মোট শূন্যপদ রয়েছে ৪,৬৮,২২০টি। এর মধ্যে প্রথম শ্রেণিতে (১ম–৯ম গ্রেড) ৬৮,৮৮৪টি, দ্বিতীয় শ্রেণিতে (১০ম–১২তম গ্রেড) ১,২৯,১৬৬টি, তৃতীয় শ্রেণিতে (১৩তম–১৬তম গ্রেড) ১,৪৬,৭৯৯টি এবং চতুর্থ শ্রেণিতে (১৭তম–২০তম গ্রেড) ১,১৫,২৩৫টি পদ শূন্য রয়েছে। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে শূন্যপদ রয়েছে ৮,১৩৬টি।

তিনি বলেন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি ও নাগরিক সেবা সহজ করতে সরকারের পক্ষ থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে সময়াবদ্ধ নিয়োগ পরিকল্পনা প্রণয়ন ও শূন্যপদের তথ্য দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শূন্যপদ পূরণের জন্য প্রায় পাঁচ লাখ কর্মচারী নিয়োগের সমন্বিত উদ্যোগ চলছে বলেও তিনি উল্লেখ করেন।

সংসদে রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমীনের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।