...|...|...

কর্পোরেট

৫ হাজারের বেশি কাজ নিয়ে ঢাকায় বসছে এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, দুপুর ২:২০
Shares
৫ হাজারের বেশি কাজ নিয়ে ঢাকায় বসছে এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো

সৌজন্য ছবি

বাংলাদেশের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নির্ভর সৃজনশীল কাজের স্বীকৃতি ও নতুন প্রতিভার বিকাশে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘PRAN-RFL Presents PRISM AI Creative Summit & Award Show 2026’। দেশের প্রযুক্তি, গণমাধ্যম, শিক্ষা, বিজ্ঞাপন ও সৃজনশীল শিল্পের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে তুলে ধরা হচ্ছে এআইনির্ভর সৃজনশীলতার সম্ভাবনা ও ভবিষ্যৎ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের এলিট কনভেনশন হলে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আয়োজন চলবে। SpikeStory Limited-এর উদ্যোগে ‘Human Creativity. AI Possibilities.’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে সামিট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি।

আয়োজকরা জানান, গত ১২ আগস্ট শুরু হওয়া PRISM AI Creative Awards-এ দেশের ২৭টির বেশি জেলা থেকে পাঁচ হাজারের বেশি সৃজনশীল কাজ জমা পড়ে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য রাখা হয় চারটি বিভাগ—এআই বিজ্ঞাপন, এআই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, এআই মিউজিক ভিডিও ও এআই ফ্যাশন।

এ আয়োজনের মাধ্যমে ২০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয় PRISM। বিশ্ববিদ্যালয়ভিত্তিক কার্যক্রম ও প্রচারণার আওতায় ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানোর পাশাপাশি ডিজিটাল মাধ্যমে দেড় কোটির বেশি মানুষের কাছে পৌঁছায় উদ্যোগটি।

জমা পড়া কাজ থেকে বাছাই করা ৬০ জন ফাইনালিস্টকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসেন্টারে দুই দিনব্যাপী এআই ক্রিয়েটিভ বুটক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে ব্র্যান্ডিং, গল্প বলা, ক্রিয়েটিভ ডিরেকশন এবং এআই টুলসের কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে ফাইনালিস্টদের ইন্ডাস্ট্রিভিত্তিক বাস্তবধর্মী ক্রিয়েটিভ ব্রিফ দেওয়া হয়। তাঁদের তৈরি কাজ মূল্যায়ন করেন সংশ্লিষ্ট শিল্পের অভিজ্ঞ পেশাজীবী ও বিচারকরা।

অনুষ্ঠানের সামিট পর্বে তিনটি কি-নোট সেশন ও দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এতে চলচ্চিত্র নির্মাণ, শিক্ষা, ব্যবসা, বিজ্ঞাপন, গণমাধ্যম এবং সৃজনশীল শিল্পে এআইয়ের প্রভাব ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিরা।

কি-নোট বক্তা হিসেবে থাকছেন সিবস সলিউশনের প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরী, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং এআই ও ডিজিটাল রূপান্তরবিষয়ক বিশেষজ্ঞ মুনির হাসান।

প্রথম প্যানেল আলোচনার বিষয় ‘AI and the Next Industrial Revolution: Is Bangladesh Ready?’। এতে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানে এআইয়ের ব্যবহার, কর্মক্ষেত্রের পরিবর্তন এবং নতুন উদ্ভাবনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনায় অংশ নিচ্ছেন কোডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত রিচার্ড, মুনাফ মজিব চৌধুরী, আলেফ গ্রুপের বাংলাদেশ ও শ্রীলঙ্কার কান্ট্রি ডিরেক্টর মো. এহসানুল হক এবং বাংলালিংকের রাইজ বিজনেস ইউনিটের প্রধান কে এম রায়হান। সঞ্চালনা করছেন স্পাইকস্টোরির সহ-প্রতিষ্ঠাতা সাইমুম হোসাইন।

দ্বিতীয় প্যানেলের বিষয় ‘Human Creativity vs. AI Efficiency: Who Will Lead the Next Creative Revolution?’। এতে মানুষের সৃজনশীল চিন্তা ও এআইয়ের সক্ষমতা, ভবিষ্যতের ক্রিয়েটিভ পেশাজীবীদের ভূমিকা এবং চলচ্চিত্র ও বিজ্ঞাপনশিল্পের পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে। এতে অংশ নিচ্ছেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, অ্যাডকম লিমিটেডের ভিপি ও এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর পুলক অনীল, দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার মো. তাজদিন হাসান এবং হাভাস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা কিংকর আহসান। সঞ্চালনায় রয়েছেন স্পাইকস্টোরির সহ-প্রতিষ্ঠাতা হোসাইন আল ফারাবি।

সামিটের পর অনুষ্ঠিত হবে PRISM AI Creative Award Show। এতে চারটি বিভাগে বিজয়ী, রানার-আপ ও সম্মানজনক স্বীকৃতি পাওয়া ক্রিয়েটরদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি সব বিভাগের কাজ থেকে সেরা সৃষ্টিকে দেওয়া হবে বিশেষ গ্র্যান্ড প্রি অ্যাওয়ার্ড।

আয়োজকদের মতে, এ উদ্যোগের উদ্দেশ্য শুধু এআই ব্যবহারে প্রযুক্তিগত দক্ষতার স্বীকৃতি দেওয়া নয়; বরং সৃজনশীল চিন্তা, মৌলিকত্ব, গল্প বলার ক্ষমতা এবং দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহারের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া।

PRAN-RFL-এর উপস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানের সহযোগী হিসেবে রয়েছে দ্য ডেইলি স্টার ও সিবস সলিউশন। সহায়তাকারী অংশীদারদের মধ্যে রয়েছে আস্তা আইটি, ভোসু এআই, এলএফ ইনকরপোরেশন, টেন মিনিট স্কুল, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, এআই ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসেন্টার ও মেরুন।

আয়োজক প্রতিষ্ঠান স্পাইকস্টোরি লিমিটেড জানিয়েছে, PRISM-কে এক দিনের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না তারা। প্রশিক্ষণ, প্রতিযোগিতা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশে একটি দক্ষ ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক এআই ক্রিয়েটিভ কমিউনিটি গড়ে তোলাই এ উদ্যোগের দীর্ঘমেয়াদি লক্ষ্য।