৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া যেসব প্রার্থী আগে নির্ধারিত গুগল ফর্ম পূরণ করেননি, তাদের নতুন করে ফর্ম পূরণ করে জমা দিতে বলেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফর্মটি কেন পূরণ করা হয়নি, সেটিও সেখানে উল্লেখ করতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি-সংক্রান্ত বিজ্ঞপ্তির ৫ নম্বর অনুচ্ছেদে একটি গুগল ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা এখনো ওই ফর্ম পূরণ করেননি, তাদের মৌখিক পরীক্ষার সময় নির্দেশনা অনুযায়ী ফর্মটি দাখিল না করার কারণ জানাতে হবে।
এ জন্য প্রার্থীদের নির্ধারিত গুগল ফর্মটি পূরণ করে আগামী ১২ অক্টোবরের মধ্যে জমা দিতে বলা হয়েছে। ফর্মে আগের নির্দেশনা অনুযায়ী ফর্মটি পূরণ না করার কারণও উল্লেখ করতে হবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে ফর্ম পূরণের জন্য একটি গুগল ফর্মের লিংকও দেওয়া হয়েছে।
পিএসসির ওয়েবসাইটে প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশের পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে তা প্রকাশের ব্যবস্থা করতে বলা হয়েছে।

