জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লাগানো ব্যানার, পোস্টার ও ফেস্টুন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ নির্দেশনা দিয়েছেন।
নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রচারসামগ্রী সরিয়ে না নিলে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লাগানো পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ সব ধরনের প্রচারসামগ্রী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে হবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলসহ দেশের সব জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর এবং অধীনস্থ ইউনিটের নেতাকর্মীদের জন্য এ নির্দেশনা প্রযোজ্য হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ অমান্য করার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


