দীর্ঘদিনের অবসর কাটিয়ে ৪৬ বছর বয়সে আবারও পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা। ক্যারিয়ারের ৩০০তম গোল করার স্বপ্ন নিয়েই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সমুদ্রসৈকতে আয়োজন করা হয় ‘রোনালদিনহো ডে’। রাভেনায় রোনালদিনহোর যোগ দেওয়ার খবর সামনে আসার পর তাকে ঘিরে ইতালিতে শুরু হয়েছে উন্মাদনা।
বৃষ্টির মধ্যেও হাজারো ভক্ত সেখানে উপস্থিত হয়ে প্রিয় তারকাকে স্বাগত জানান। ক্লাবটির শেয়ারহোল্ডার হিসেবেও যুক্ত হচ্ছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।
নতুন যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদিনহো জানিয়েছেন, মাঠে তাকে কখন নামানো হবে, সেটি কোচই ঠিক করবেন। তবে নিজের ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী তিনি। রোনালদিনহোর ভাষায়, তিনি পুরোপুরি ফিট এবং সতীর্থদের জেতাতে সাহায্য করতেই ফিরেছেন।
ক্যারিয়ারের ৩০০তম গোলের স্বপ্ন নিয়েও কথা বলেছেন ব্রাজিলিয়ান এই জাদুকর। সেই মাইলফলক ছুঁতে পারলে মুহূর্তটি তার জন্য অবিশ্বাস্য অনুভূতির হবে বলে জানিয়েছেন তিনি।
২০০৫ সালে ব্যালন ডি’অর জেতা রোনালদিনহো ২০১৫ সালে বুটজোড়া তুলে রাখেন। একই বছরের সেপ্টেম্বরে ফ্লুমিনেন্সের হয়ে খেলেছিলেন ক্যারিয়ারের শেষ অফিসিয়াল ম্যাচ। দীর্ঘ বিরতির পর তার ফেরার বিষয়টি প্রথম সামনে আনেন রাভেনার মালিক ইগনাজিও চিপ্রিয়ানি।
ক্লাব কর্তৃপক্ষের দাবি, রোনালদিনহোকে ঘিরে এই উদ্যোগ শুধুই প্রচারণা বা বাণিজ্যিক কৌশল নয়, বরং ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই এই ব্যতিক্রমী প্রত্যাবর্তন।
তবে ফেরার ঘোষণা দিলেও আগামী সোমবার সেরি সি-এর উদ্বোধনী ম্যাচে রেগিয়ানার বিপক্ষে খেলবেন না রোনালদিনহো। ফলে মাঠে আবারও তাকে দেখার জন্য ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।


