৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ গেজেট জারি করা হয়।
গেজেট অনুযায়ী, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০২৫ সালের ১৪ ডিসেম্বরের সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এ গ্রেডের বেতনসীমা ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। তবে নিয়োগ কার্যকর হবে নির্ধারিত শর্ত সাপেক্ষে।
নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা প্রচলিত সরকারি বিধিবিধান অনুসারে নির্ধারণ করা হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে। তবে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া কোনো প্রার্থীর সনদ পরবর্তী যাচাই-বাছাইয়ে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল করা হবে। একই সাথে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের বিধান রাখা হয়েছে।
গেজেটে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে।
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট ও সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেট থেকে দেখা যাবে।


