...|...|...

খেলা

৪০ বছরেও থামেনি ভোজিনিয়ার বীরত্ব, চিলিতে শিরোপা জয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩৩ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪০
Shares
৪০ বছরেও থামেনি ভোজিনিয়ার বীরত্ব, চিলিতে শিরোপা জয়

ভোজিনিয়া। ছবি: সংগৃহীত

৪০ বছর বয়সেও ফুটবল মাঠে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া। ২০২৬ বিশ্বকাপে আলোচনায় আসা এই অভিজ্ঞ গোলরক্ষক এবার চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর হয়ে জিতেছেন লিগ শিরোপা। নিউব্লেনসকে ২-১ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে তার দল। শিরোপা নিশ্চিতের পথে শেষ মুহূর্তে দুর্দান্ত একটি সেভ করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভোজিনিয়া।

রবিবার (৮ নভেম্বর) চিলির এস্তাদিও নেলসন ওয়ারজুন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এই নাটকীয় জয় পায় কোলো কোলো। শেষ দিকে নিউব্লেনসের সমতায় ফেরার সম্ভাবনা রুখে দিয়ে শিরোপা উদযাপনের উপলক্ষ তৈরি করেন কেপ ভার্দিয়ান এই গোলকিপার। এ জয়ের মধ্য দিয়ে ক্লাবটির ৩৫তম লিগ শিরোপা নিশ্চিত হয়।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতা। ১৪তম মিনিটে দুর্দান্ত ভলিতে কোলো কোলোর হয়ে প্রথম গোল করেন আর্তুরো ভিদাল। তবে ২৯তম মিনিটে লুকাস মোলিনার গোলে সমতায় ফেরে নিউব্লেনস। এরপর দীর্ঘ সময় আর কোনো গোল না হওয়ায় শিরোপা নিশ্চিত করতে অপেক্ষা বাড়ছিল কোলো কোলোর।

অন্য দলের ফলাফলের ওপর নির্ভর না করে চ্যাম্পিয়ন হতে হলে এই ম্যাচে জয় প্রয়োজন ছিল কোলো কোলোর। নির্ধারিত সময়ের খেলা শেষে ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন ৯২তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মারকোস বোলাদোস। তার ওই গোলেই শিরোপা জয়ের পথ অনেকটা নিশ্চিত হয়ে যায়।

তবে ম্যাচের শেষ মুহূর্তেও স্বস্তিতে ছিল না কোলো কোলো। ৯৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিউব্লেনসের নেওয়া জোরালো শট অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দেন ভোজিনিয়া। তার এই সেভেই শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় ধরে রাখে দলটি। একই সাথে নিশ্চিত হয় কোলো কোলোর শিরোপা উৎসব।

ভোজিনিয়ার এই সাফল্যের পেছনে রয়েছে দারুণ এক আন্তর্জাতিক যাত্রা। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েই নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছিল কেপ ভার্দে। সেই আসরে স্পেন ও আর্জেন্টিনার বিপক্ষে ভোজিনিয়ার পারফরম্যান্স বিশেষভাবে নজর কাড়ে। বিশ্বকাপের পর নতুন চ্যালেঞ্জের খোঁজে গত আগস্টে চিলির ক্লাব কোলো কোলোর সাথে যুক্ত হন তিনি।

তবে নতুন ক্লাবে শুরুটা সহজ ছিল না। মূল একাদশে জায়গা করে নেওয়া এবং নিয়মিত খেলার সুযোগ পেতে অপেক্ষা করতে হয়েছে তাকে। কিন্তু ক্লাবে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই বিদেশের মাটিতে প্রথম লিগ শিরোপা জয়ের স্বাদ পেলেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

শিরোপা জয়ের পর সতীর্থ, কোচিং স্টাফ এবং ক্লাবের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভোজিনিয়া। নিজের এই অর্জন পরিবার ও দেশের মানুষের উদ্দেশে উৎসর্গ করে তিনি বলেন, ‘আমি এই শিরোপা আমার পরিবার এবং পুরো কেপ ভার্দবাসীকে উৎসর্গ করছি।’

প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তিতে কোলো কোলোর সাথে যুক্ত হয়েছিলেন ভোজিনিয়া। চুক্তিতে আরও এক মৌসুম বাড়ানোর সুযোগ রয়েছে। তার ভবিষ্যৎ নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত ৪০ বছর বয়সে ক্যারিয়ারের নতুন এক সাফল্য উদযাপনের উপলক্ষ পেয়েছেন এই গোলকিপার।