...|...|...

জাতীয়

৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকেরা, মিলবে যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪২ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩০
Shares
৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকেরা, মিলবে যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার। বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে তিন মাস এ কার্যক্রম চলবে।

গত শুক্রবার (১৩ নভেম্বর) থেকে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরসহ জেলার বিভিন্ন এলাকায় ট্রাকের মাধ্যমে চাল বিক্রি শুরু হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতি শুক্রবার তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিনে এ কর্মসূচি পরিচালিত হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ট্রাকে চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে বিক্রি চলবে।

কর্মসূচির আওতায় একজন শ্রমিক ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। চাল কেনার সময় সংশ্লিষ্ট শ্রমিককে নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের মাস্টার রোলে স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ এ ওএমএস কর্মসূচিতে মোট ৭৫টি ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ কর্মসূচি চালু করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতরের সার্বিক ব্যবস্থাপনায় কার্যক্রমটি পরিচালিত হবে।

কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদফতরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।