উচ্চ মূল্যস্ফীতির কারণে চাপে থাকা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ কার্যক্রম চালানো হবে। ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরসহ জেলার বিভিন্ন এলাকায় কর্মসূচিটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার বুধবার জানান, চলতি নভেম্বর মাসেই পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু হবে। আগামী ২০ নভেম্বর শুক্রবার থেকে এটি চালুর সম্ভাবনা রয়েছে।
এ কর্মসূচি বাস্তবায়নের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আল মামুন স্বাক্ষরিত ওই চিঠিতে বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বাজারে খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখা এবং নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করতে সরকার নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে চাল পাওয়ার সুযোগ তৈরি করতে এ বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকে চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল সরবরাহের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে সরকারি গুদামে পর্যাপ্ত চালের মজুত রয়েছে। ফলে নতুন করে চাল সংগ্রহের প্রয়োজন হবে না। বিদ্যমান মজুত থেকেই কর্মসূচির জন্য চাল সরবরাহ করা সম্ভব। এ জন্য ওএমএস খাতে অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল বরাদ্দ এবং ট্রাক পরিচালনা, পরিবহনসহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে।
সরকার নিম্ন আয়ের মানুষের সহায়তা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি গুদামে চাল ও গম মজুত রাখে। এসব খাদ্যশস্যের একাংশ ভর্তুকি মূল্যে বাজারে বিক্রি করা হয়, বাকিটা ত্রাণ ও বিভিন্ন সহায়তা কর্মসূচিতে বিতরণ করা হয়। খাদ্যবান্ধব কর্মসূচিতে কার্ডের মাধ্যমে চাল দেওয়া হলেও কার্ড না থাকা মানুষের জন্য ওএমএসের দোকান ও খোলা ট্রাকে চাল বিক্রির ব্যবস্থা রয়েছে।
এদিকে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস চালুর সিদ্ধান্ত এসেছে শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে। নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ড ইতিমধ্যে দুটি সভা করেছে। সর্বশেষ সোমবারের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছেন।
তবে বিশেষ ওএমএস কার্যক্রম নিয়ে আপত্তি জানিয়েছেন মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, ছয় দিন কাজ করার পর সাপ্তাহিক ছুটির দিনে চাল কেনার জন্য শ্রমিকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হবে। এতে ৩০০ টাকা সাশ্রয় হলেও এটি কার্যকর সমাধান নয়। তার মতে, শ্রমিকদের জন্য এ ব্যবস্থা সম্মানজনকও হবে না।
বাবুল আখতার আরও বলেন, সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করতে হলে কারখানার গেট থেকেই তা দেওয়া উচিত। শুধু চাল নয়, চাল, ডাল, তেল, লবণ ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্য কম দামে সরবরাহের ব্যবস্থা করা প্রয়োজন।


