...|...|...

জাতীয়

২৬ অক্টোবর থেকে কক্সবাজার পর্যন্ত চলবে মহানগর এক্সপ্রেস

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, রাত ১১:০৭
Shares
২৬ অক্টোবর থেকে কক্সবাজার পর্যন্ত চলবে মহানগর এক্সপ্রেস

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন এবার কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। আগামী ২৬ অক্টোবর থেকে নতুন রুটে চলাচল শুরু করবে ট্রেনটি।

এর ফলে ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা নির্ধারিত স্টেশন থেকে ট্রেনে উঠে সরাসরি পর্যটননগরী কক্সবাজারে যেতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমানকে জানানো হয়েছে। তিনি জানান, নতুন রুটে ট্রেন চালানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

গণমাধ্যমকে সফিকুর রহমান বলেন, মহানগর এক্সপ্রেস ট্রেনটি ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার পথে চলবে। ট্রেনটি যাত্রাপথে বিভিন্ন স্টেশনে বিরতি দেয়। তাই এসব স্টেশন থেকে যাত্রীরা ওঠানামা করে কক্সবাজারের পথে যাতায়াত করতে পারবেন।

রেলওয়ের পরিচালন বিভাগের তথ্য অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে।

ট্রেনটি রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে। সেখান থেকে সকাল ৬টায় পৌঁছাবে কক্সবাজারে।

ফিরতি পথে ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

এরপর ঢাকার উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় কমলাপুর স্টেশনে পৌঁছানোর কথা। কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত ফিরতি যাত্রায় সময় লাগবে সাড়ে ৯ ঘণ্টা।

রেলওয়ে সূত্র জানায়, মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে। আসনসংখ্যা হবে ৭০০ থেকে ৭৩৬টি। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রোববার।

বর্তমানে ঢাকার কমলাপুর থেকে চট্টগ্রামের পথে মহানগর এক্সপ্রেস ১২টি স্টেশনে যাত্রাবিরতি দেয়। বর্ধিত রুটে সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে বিরতি বাতিল করা হয়েছে।

আগের মতোই বিরতি থাকবে ঢাকার বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে।

রেলওয়ে সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকা থেকে দুই জোড়া এবং চট্টগ্রাম থেকে দুই জোড়া ট্রেন কক্সবাজার রুটে চলাচল করছে।

ঢাকা থেকে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম ছাড়া মধ্যবর্তী আর কোনো স্টেশনে থামে না।

অন্যদিকে চট্টগ্রাম-কক্সবাজার রুটের প্রবাল ও সৈকত এক্সপ্রেস মধ্যবর্তী স্টেশনগুলোতে থেমে যাত্রী ওঠানামার সুযোগ দেয়।