...|...|...

চট্টগ্রাম

২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৩৩ ডেঙ্গু রোগী শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, রাত ১১:৩০ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ১০:৩০
Shares
২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৩৩ ডেঙ্গু রোগী শনাক্ত

ছবি: সংগৃহীত

গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্ত রোগীদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ১৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২ জন ভর্তি হয়েছেন। এছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে মোট ১ হাজার ৪০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১ হাজার ১৬৭ জন এবং বেসরকারি পর্যায়ে ২৪২ জন চিকিৎসা নিয়েছেন।

এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৬৫ জন।

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।