...|...|...

খেলা

২২ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল

টাইমস টুডে স্পোর্টস
প্রকাশ: ২০ মে ২০২৬, রাত ৩:১৭ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:১৪
Shares
২২ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল

ছবি- সংগৃহীত

সব হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করল আর্সেনাল। লিগে গত মঙ্গলবার (১৯ মে) রাতে বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার সিটি ড্র করায় এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হলো গানার্সরা। এর আগে সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল আর্সেনাল।

ম্যানচেস্টার সিটির পয়েন্ট হারানোর পর টেবিলের শীর্ষস্থান নিশ্চিত হয় মিকেল আর্তেতার শিষ্যদের। ৩৭ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৮২ পয়েন্ট। সমান ম্যাচে সিটির পয়েন্ট ৭৮। ফলে নিজেদের শেষ ম্যাচে আর্সেনাল হারলেও পেপ গার্দিওলার দল তাদের ছুঁতে পারবে না। সিটির সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ৮১।

গত কয়েকটি মৌসুমে একদম শেষ মুহূর্তে এসে ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা হাতছাড়া হয়েছিল আর্সেনালের। এবারও ভক্তদের মনে শেষ দিনের স্নায়ুচাপের ভয় ছিল। কিন্তু ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে সিটি ১-১ গোলে ড্র করায় সেই নাটকীয়তা এড়ানো গেছে।

আগামী রবিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচটি আর্সেনালের জন্য এখন আর বাঁচা-মরার লড়াই নয়। সেলহার্স্ট পার্কে এটি হতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়নদের শিরোপা উৎসবের আনুষ্ঠানিকতা।

লিগ শিরোপা জেতার পর আর্সেনালের চোখ এখন ‘ডাবল’ জয়ের দিকে। আগামী ৩০ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে তারা।

এর আগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন টিকিয়ে রাখতে বোর্নমাউথের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না সিটির। কিন্তু ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে তারা। শেষ দিকে আর্লিং হালান্ড দলকে সমতায় ফেরালেও জয় অধরা থেকে যায় গার্দিওলার দলের।