...|...|...

অর্থনীতি

জানালেন ৩০ জন বিশ্লেষক

২০২৭ সালে স্বর্ণের দাম বাড়বে না কমবে?

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৫ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪৩
Shares
২০২৭ সালে স্বর্ণের দাম বাড়বে না কমবে?

ফাইল ছবি

বিশ্ববাজারে চলতি বছরের শুরুতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর কমতে শুরু করেছে স্বর্ণের দাম। উচ্চ সুদহার ও মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে মূল্যবান এই ধাতুর বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তবে সাময়িক দরপতন সত্ত্বেও ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালে স্বর্ণের গড় দাম বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বাজার বিশ্লেষকরা।

বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপ অনুযায়ী, ২০২৭ সালে আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি বিশুদ্ধ স্বর্ণের গড় দাম প্রায় ২ লাখ ১৯ হাজার টাকায় পৌঁছাতে পারে। অন্যদিকে, ২০২৬ সালে প্রতি ভরি স্বর্ণের গড় দাম প্রায় ২ লাখ ১২ হাজার টাকা থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত তিন সপ্তাহে ৩০ জন বিশ্লেষক ও ব্যবসায়ীর মতামতের ভিত্তিতে এই জরিপ পরিচালনা করেছে রয়টার্স। এতে টানা দ্বিতীয় প্রান্তিকে ২০২৬ সালের স্বর্ণের গড় দামের পূর্বাভাস কমানো হয়েছে। তিন মাস আগেও চলতি বছরের জন্য প্রতি ভরি বিশুদ্ধ স্বর্ণের গড় দাম প্রায় ২ লাখ ১২ হাজার ৩৪৩ টাকা হতে পারে বলে ধারণা করা হয়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি বিশুদ্ধ স্বর্ণের দাম রেকর্ড প্রায় ২ লাখ ৬৩ হাজার টাকায় পৌঁছেছিল। তবে ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম ও মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বেড়ে যায়। এতে ডলার আরও শক্তিশালী হয়ে ওঠে। একই সঙ্গে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কমে যায়। ফলে প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৮৮ হাজার টাকায় নেমে আসে।

২০২৭ সালে কোন ক্যারেটের স্বর্ণের দাম কত হতে পারে?

রয়টার্সের পূর্বাভাস ও বর্তমান ডলারের বিনিময় হার অনুযায়ী বিভিন্ন ক্যারেটের স্বর্ণের সম্ভাব্য গড় দাম নিচে তুলে ধরা হলো—

এই হিসাব অনুযায়ী, ২০২৭ সালে স্বর্ণের গড় দাম চলতি বছরের তুলনায় প্রায় ৩ দশমিক ৪৫ শতাংশ বাড়তে পারে।

প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৫ দশমিক ৫৮১ টাকা এবং স্বর্ণের বিশুদ্ধতার অনুপাত ধরে এই হিসাব করা হয়েছে। তবে এর সাথে আমদানি শুল্ক, ভ্যাট, মজুরি ও স্থানীয় বাজারের অন্যান্য খরচ যুক্ত করা হয়নি। ফলে বাংলাদেশের বাজারে স্বর্ণের প্রকৃত দাম ভিন্ন হতে পারে।

যেসব কারণে বাড়তে পারে স্বর্ণের দাম

স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষক সুকি কুপারের মতে, আগামী কয়েক মাসের মধ্যে স্বর্ণের বাজার স্থিতিশীল হয়ে পুনরুদ্ধারের পথে ফিরতে পারে। ডলারের ওপর নির্ভরতা কমানো এবং মুদ্রার ক্রয়ক্ষমতা হ্রাসের বিষয়ে বিনিয়োগকারীদের মনোযোগ ফিরলে স্বর্ণের দাম বাড়ার সুযোগ তৈরি হবে।

বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক স্বর্ণ কেনা এবং ভারত ও চীনে স্বর্ণের চাহিদা বৃদ্ধি বাজারকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্টোনএক্সের বিশ্লেষক রোনা ও'কনেলের মতে, বড় ধরনের অপ্রত্যাশিত কোনো ঘটনা না ঘটলে ভারত ও চীনে ভৌত স্বর্ণের চাহিদা বৃদ্ধির ধারাবাহিকতা দামের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনাকাটাও বাজারে ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।

তবে স্বর্ণের দাম বৃদ্ধির ক্ষেত্রে এখনো বেশ কিছু ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় উচ্চ সুদহার বজায় থাকলে এবং মার্কিন ডলার আরও শক্তিশালী হলে স্বর্ণের বাজারে নতুন করে দরপতন দেখা দিতে পারে।