...|...|...

শিক্ষা

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় পরিবর্তনের চিন্তা শিক্ষা বিভাগের

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৩৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০৮
Shares
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় পরিবর্তনের চিন্তা শিক্ষা বিভাগের

ফাইল ছবি

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনার কথা ভাবছে শিক্ষা বিভাগ। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর যে পরিকল্পনা করা হয়েছিল, সেটি পুনর্বিবেচনা করা হচ্ছে। পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে মার্চ মাসে পরীক্ষা আয়োজনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু হতে পারে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিষয়টি জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতকে গুরুত্ব দিয়ে এসএসসি পরীক্ষা মার্চে নেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রমজান ও ঈদুল ফিতরের পর মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা আয়োজনের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে এখনো পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত হয়নি।

এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হবে। গত ১৪ মে দেওয়া ওই ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে আলোচনা শুরু হয়।

পরে ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে প্রয়োজনে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা যেতে পারে।

২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষাজীবনও কিছুটা ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তারা নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করলেও নবম ও দশম শ্রেণিতে এসে ২০১০ সালের পরিমার্জিত শিক্ষাক্রমে ফিরে যায়।

এ ছাড়া নবম শ্রেণিতে দেরিতে পাঠ্যবই পাওয়ায় অনেক শিক্ষার্থী এপ্রিল মাসে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে প্রায় ২০ লাখ পরীক্ষার্থী সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অনেকে।

একসময় নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান এবং এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতো। তবে করোনা মহামারি ও পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে শিক্ষাপঞ্জিতে পরিবর্তন আসে। এর ধারাবাহিকতায় চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় এপ্রিলে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় জুলাইয়ে।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় কমিয়ে আনতেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা এগিয়ে জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে এখন রমজান, ঈদ ও অংশীজনদের মতামন বিবেচনায় নিয়ে সময় পরিবর্তনের বিষয়টি নতুন করে ভাবছে শিক্ষা বিভাগ।