১৭ বছর পর পর্দায় একসাথে ফিরেও বক্স অফিসে সুবিধা করতে পারছে না বলিউডের দুই সুপারস্টার জুটি অক্ষয় কুমার ও সাইফ আলি খান অভিনীত সিনেমা ‘হাইওয়ান’। এই সিনেমার মধ্য দিয়ে ১৭ বছর পর আবারও পর্দায় একসঙ্গে দেখা গেল এই খিলারি জুটিকে। কিন্তু মুক্তির দ্বিতীয় দিনেই আয় নেমে গেছে ২ কোটি ৫০ লাখ রুপিতে।
বক্স অফিস সূত্র অনুযায়ী, দুই দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি। মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছিল প্রায় ৩ কোটি রুপি। শনিবার ‘হাইওয়ান’-এর হল দখল ছিল মাত্র ১২ দশমিক ৭৭ শতাংশ। অবস্থা এমন যে, ১০ কোটি রুপির ঘর পেরোতেও বেশ বেগ পেতে হচ্ছে সিনেমাটিকে।
প্রিয়দর্শন পরিচালিত এই সিনেমায় অক্ষয়-সাইফকে দেখা গেছে ভিন্নধর্মী চরিত্রে। গল্পে দৃষ্টিহীন কেয়ারটেকার শ্যামের জীবন ঘিরে এগিয়েছে কাহিনি। অবসরপ্রাপ্ত বিচারক প্রধানকে হত্যার অভিযোগে ফেঁসে যান তিনি।
প্রায় ১৩০ কোটি রুপি বাজেটের ‘হাইওয়ান’-এর সামনে এখন বড় চ্যালেঞ্জ লোকসান এড়ানো। অন্যদিকে একই সময়ে মুক্তি পাওয়া ‘হনুমান অংশ’ ও ‘মির্জাপুর দ্য মুভি’ বক্স অফিসে শক্ত অবস্থানে রয়েছে।


