...|...|...

বিশেষ প্রতিবেদন

• বিশেষ বরাদ্দে ছিল না সুনির্দিষ্ট নীতিমালা • মন্ত্রী-প্রতিমন্ত্রীর অভিপ্রায়ে অর্থ বণ্টন • একাধিক অর্থবছরে একই পৌরসভার নাম

১৬ বছরে সরকারের সর্বোচ্চ বরাদ্দের তালিকায় কোটালীপাড়া-টুঙ্গিপাড়া

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪১ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪২
Shares
১৬ বছরে সরকারের সর্বোচ্চ বরাদ্দের তালিকায় কোটালীপাড়া-টুঙ্গিপাড়া

ছবি: এআই দিয়ে তৈরি।

পৌরসভার উন্নয়ন সহায়তার সরকারি অর্থ বণ্টনে ছিল না বিশেষ বরাদ্দের সুনির্দিষ্ট নীতিমালা। তৎকালীন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী দেওয়া হয়েছে অর্থ বরাদ্দ। ফলে কোন পৌরসভা কেন বিশেষ বরাদ্দ পাচ্ছে, অন্য পৌরসভার তুলনায় কত বেশি পাচ্ছে, তার নির্ধারিত মানদণ্ড ছিল না।

স্থানীয় সরকার বিভাগের পর্যালোচনা প্রতিবেদনে ২০০৯-১০ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বরাদ্দ পাওয়া পৌরসভাগুলোর তালিকায় এমন চিত্র উঠে এসেছে। এতে সবচেয়ে বেশি পুনরাবৃত্তি দেখা যায় কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া পৌরসভার নাম। গোপালগঞ্জ পৌরসভাও একাধিক অর্থবছরে বিশেষ বরাদ্দপ্রাপ্তদের তালিকায় রয়েছে।

২০১১-১২ থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত টানা পাঁচ বছর কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার পুরো বাংলাদেশের সকল পৌরসভাগুলোর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরেও সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে এই দুটি উপজেলায়। অন্যদিকে বিভিন্ন সময়ে ফরিদপুর, মাদারীপুর, লাকসাম, তারাব, মনিরামপুর, লামা ও লালমোহনসহ বিভিন্ন পৌরসভা এ তালিকায় স্থান পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ বরাদ্দের ক্ষেত্রে জনসংখ্যা, আয়তন, রাজস্ব আয় ও জলবায়ু ঝুঁকির মতো সূচক থাকলেও বিশেষ বরাদ্দের ক্ষেত্রে এমন কোনো সুনির্দিষ্ট নির্দেশনা ছিল না।

স্থানীয় সরকার বিভাগের পৌরসভা-২ শাখা থেকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পৌরসভাগুলোর জন্য উন্নয়ন সহায়তার অর্থ বরাদ্দ দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯-১০ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত পৌরসভাগুলোর জন্য চারটি কিস্তিতে সাধারণ বরাদ্দ দেওয়ার ব্যবস্থা ছিল। পৌরসভার শ্রেণি অনুযায়ী এ অর্থ বণ্টন করা হতো।

সাধারণ বরাদ্দের ক্ষেত্রে মোট অর্থের ৫০ শতাংশ সমহারে এবং বাকি ৫০ শতাংশ ১০০ নম্বরের একটি সূচকের ভিত্তিতে বণ্টনের বিধান ছিল। এ সূচকে পৌরসভার আয়তনের জন্য ২৫ শতাংশ, জনসংখ্যার জন্য ৩৫ শতাংশ, রাজস্ব আয়ের জন্য ২০ শতাংশ এবং জলবায়ু বিপদাপন্নতা সূচকের (CVI) জন্য ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ একটি পৌরসভা কত বড়, সেখানে কত মানুষ বসবাস করেন, নিজস্ব রাজস্ব আয় কত এবং জলবায়ু ঝুঁকি কেমন-এসব বিবেচনায় নিয়ে সাধারণ বরাদ্দ দেওয়ার কথা।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সূত্রের ভিত্তিতে ৩৩০টি পৌরসভাকে চারটি শ্রেণিতে ভাগ করে সাধারণ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বিশেষ বরাদ্দের ক্ষেত্রে এ ধরনের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা ছিল না। প্রতিবেদনের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৪ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পৌরসভার অনুকূলে উন্নয়ন সহায়তার অর্থ বরাদ্দ ও ব্যবহার নির্দেশিকায় বিশেষ বরাদ্দ দেওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট মানদণ্ড উল্লেখ করা হয়নি।

তালিকায় বারবার কোটালীপাড়া-টুঙ্গিপাড়া
প্রতিবেদনে অর্থবছর অনুযায়ী সর্বোচ্চ বিশেষ বরাদ্দ পাওয়া পৌরসভাগুলোর তালিকা রয়েছে। এতে সর্বোচ্চ বরাদ্দের তালিকায় কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া পৌরসভার নাম এসেছে সবচেয়ে বেশি।

২০০৯-১০ অর্থবছরে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মধুপুর, মঠবাড়িয়া ও চরফ্যাশন পৌরসভায় সর্বোচ্চ বরাদ্দ ছিল। ২০১০-১১ অর্থবছরে কিশোরগঞ্জ, হোসেনপুর, রংপুর, মেহেরপুর, কোটালীপাড়া ও চকরিয়া পৌরসভা। ২০১১-১২ অর্থবছরে ময়মনসিংহ, ভৈরব, মাদারীপুর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, উল্লাপাড়া, রংপুর, বেনাপোল, ভেড়ামারা, ভোলা, পটিয়াখালী ও চকরিয়া। ২০১২-১৩ অর্থবছরে কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, মিরকাদিম, কিশোরগঞ্জ, হোসেনপুর ও ময়মনসিংহ পৌরসভা ।

পরের অর্থবছর ২০১৩-১৪-তেও কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ, পাশাপাশি যশোর, আমতলী, কাকিনহাট, চরফ্যাশন, বরগুনা, মঠবাড়িয়া ও কিশোরগঞ্জ পৌরসভাতেও বরাদ্দ দেওয়া হয়। ২০১৪-১৫ অর্থবছরে কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ ও চৌমুহনী পৌরসভা বিশেষ বরাদ্দপ্রাপ্তদের তালিকায় শীর্ষে ছিল।

২০১৫-১৬ অর্থবছরে কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের পাশাপাশি ফরিদপুর, সিরাজগঞ্জ, ভোলা ও লালমোহন পৌরসভাও তালিকায় স্থান পায়। অর্থাৎ ২০১১-১২ থেকে ২০১৫-১৬ পর্যন্ত টানা পাঁচ অর্থবছর কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া পৌরসভা বিশেষ বরাদ্দপ্রাপ্তদের তালিকায় ছিল। একই সময়ে গোপালগঞ্জ পৌরসভাও একাধিকবার বরাদ্দপ্রাপ্তদের তালিকায় এসেছে।

২০১৬-১৭ অর্থবছরের জন্য তালিকায় কোনো পৌরসভার নাম উল্লেখ করা হয়নি। তবে ২০১৭-১৮ অর্থবছরে আবার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের নামে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়। ওই বছর ফেনী, বাউফল, ফরিদপুর ও গৌরনদী পৌরসভাও তালিকায় ছিল। ২০১৮-১৯ অর্থবছরে কোটালীপাড়া ও ফরিদপুর পৌরসভায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়। ২০১৯-২০ অর্থবছরের তালিকায় তারাব, লাকসাম, মুলাদী, টুঙ্গিপাড়া, নেত্রকোনা, বসুরহাট, কক্সবাজার ও লালমোহন।

২০২০-২১ অর্থবছরে তারাব, মাদারীপুর, টুঙ্গিপাড়া, সোনাগাজী, মনিরামপুর ও মুলাদী পৌরসভা। ২০২১-২২ অর্থবছরে তারাব, মাদারীপুর, টুঙ্গিপাড়া, সোনাগাজী, মনিরামপুর ও মুলাদীর পরিবর্তে তালিকায় এসেছে তারাব, মাদারীপুর, টুঙ্গিপাড়া, পাকুন্দিয়া, আলফাডাঙ্গা, নগরকান্দা ও ভবানীগঞ্জসহ কয়েকটি পৌরসভা।

২০২২-২৩ অর্থবছরে লাকসাম, আলফাডাঙ্গা, লামা, পীরগঞ্জ, মনিরামপুর, গোসাইরহাট, নড়িয়া, কালাই ও পাবনা পৌরসভা তালিকায় ছিল। ২০২৩-২৪ অর্থবছরে লাকসাম, লামা, গোপালগঞ্জ, কুলিয়ারচর ও মনিরামপুর। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের তালিকায় ভোলা, সাতক্ষীরা, চৌমুহনী, সৈয়দপুর, পঞ্চগড়, হাতিয়া, কুমারখালী, রামগঞ্জ, রামগতি, সাভার ও মহেশখালী পৌরসভা সর্বাধিক বরদ্দ পায়।

বিশেষ বরাদ্দের নিয়ম ছিল না
প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা ছিল না। ২০২৪ সালের নির্দেশিকায় বিশেষ বরাদ্দের অর্থ প্রদানসংক্রান্ত নির্দিষ্ট মানদণ্ড পাওয়া যায়নি। এর আগে ২০২৩ সালের নির্দেশিকায় পৌরসভার অনুকূলে উন্নয়ন সহায়তার অর্থ বরাদ্দ ও ব্যবহারসংক্রান্ত কিছু বিধান থাকলেও বিশেষ বরাদ্দের ক্ষেত্রে সুনির্দিষ্ট বণ্টননীতি ছিল না।

প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ২০০৯-১০ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত কিছু পৌরসভাকে অন্য পৌরসভার তুলনায় তুলনামূলক বেশি বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বরাদ্দ তৎকালীন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী দেওয়া হয়েছে।