ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফরোয়ার্ড জে জে গ্যাব্রিয়েলকে দলে ভেড়াতে আগ্রহী ইউরোপের একাধিক বড় ক্লাব। ১৬ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারকে পেতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্পেনের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তাকে দলে নিতে পুরো ট্রান্সফার প্যাকেজে খরচ হতে পারে ১০ থেকে ১৫ মিলিয়ন ইউরো।
স্কাই জার্মানির প্রতিবেদন অনুযায়ী, গ্যাব্রিয়েলকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ১৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
গ্যাব্রিয়েলের নিজের পছন্দের তালিকায় স্পেনের ক্লাবগুলো এগিয়ে রয়েছে বলে জানা গেছে। এ কারণে তাকে দলে নেওয়ার চেষ্টা চালিয়ে গেলেও বায়ার্ন মিউনিখকে রিয়াল ও বার্সেলোনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। স্পেনে খেলার আগ্রহই দলবদলের লড়াইয়ে দুই ক্লাবকে বাড়তি সুবিধা দিতে পারে।
গ্যাব্রিয়েলকে পেতে ইতোমধ্যে সরাসরি আলোচনা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির প্রতিনিধিরা তার ও তার প্রতিনিধিদের সাথে কথা বলছেন। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে গ্যাব্রিয়েলের প্রতিনিধিরাও অন্য আগ্রহী ক্লাবগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
স্কাই জার্মানির তথ্যমতে, এই দলবদলে শুধু ক্ষতিপূরণ ফি নয়, বেতন, বোনাস ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ও হিসাবের মধ্যে রাখতে হচ্ছে। সব মিলিয়ে পুরো ট্রান্সফার প্যাকেজের মূল্য দাঁড়াতে পারে ১০ থেকে ১৫ মিলিয়ন ইউরো।
এর আগে ধারণা করা হয়েছিল, গ্যাব্রিয়েলকে হারালে ম্যানচেস্টার ইউনাইটেড ট্রেনিং কমপেনসেশন হিসেবে প্রায় ৩ লাখ ইউরো দাবি করতে পারে। কিন্তু নতুন তথ্য অনুযায়ী, গ্যাব্রিয়েলের প্রতিনিধিরা বছরে সাত অঙ্কের বেতন চাইছেন। ফলে ক্ষতিপূরণ, বেতন ও বোনাসের আর্থিক হিসাবই শেষ পর্যন্ত নির্ধারণ করতে পারে কোন ক্লাব তাকে দলে নিতে পারবে।


