...|...|...

খেলা

১৩ মিনিটের ঝড়ে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, সকাল ১০:৪৩
Shares
১৩ মিনিটের ঝড়ে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

ছবি: সংগৃহীত

শুরুতে পিছিয়ে পড়েও শেষদিকে দুর্দান্ত প্রত্যাবর্তনে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের শেষ ১৩ মিনিটে তিন বদলি খেলোয়াড় দেজিরে দুয়ে, রায়ান চেরকি ও মাইকেল ওলিসের দারুণ নৈপুণ্যে বদলে যায় পুরো ম্যাচের চিত্র। ফ্রান্সের চারটি গোলই এসেছে বদলি হিসেবে মাঠে নামা খেলোয়াড়দের পা থেকে।

সোমবার (৫ অক্টোবর) প্যারিসের স্টেড দ্য ফ্রান্সে নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ফ্রান্স ও বেলজিয়াম। ম্যাচের ৩৫তম মিনিটে গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন দদি লুকেবাকিও। দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর শেষ দিকে একের পর এক গোল করে ৪-১ ব্যবধানের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা।

কিলিয়ান এমবাপেকে ছাড়া খেলতে নামা ফ্রান্স প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। উসমান দেম্বেলে, মাগনেস আকিলিউশ, এদুয়ার্দো কামাভিঙ্গা ও এস্তেবান লেপলের প্রচেষ্টাগুলো লক্ষ্যভেদ করতে পারেনি।

অন্যদিকে কাউন্টার অ্যাটাক থেকে ৩৫তম মিনিটে এগিয়ে যায় বেলজিয়াম। একক প্রচেষ্টায় বল নিয়ে ফ্রান্সের বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন লুকেবাকিও। এরপর সমতা ফেরানোর জন্য একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে সফল হয়নি ফ্রান্স।

বিরতির পরও একই চিত্র দেখা যায়। কাছ থেকে লেপলের একটি নিশ্চিত গোলের সুযোগও আটকে দেন বেলজিয়ামের গোলরক্ষক। তবে ম্যাচের শেষদিকে কোচ জিনাদিন জিদানের বদলি খেলোয়াড়দের মাঠে নামানোর পরই ফ্রান্সের আক্রমণে নতুন গতি আসে।

চেরকি ও ওলিসকে মাঠে নামানোর পর বেলজিয়ামের রক্ষণে চাপ বাড়তে থাকে। এরপর মাঠে নামেন দুয়েও। ৭৭তম মিনিটের দিকে বক্সের প্রান্তে বল পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে নিচু শটে গোল করেন তিনি। তাতেই ম্যাচে সমতা ফেরায় ফ্রান্স।

এর মাত্র চার মিনিট পর আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। বাইলাইন থেকে ওলিসের বাড়ানো বল ঠাণ্ডা মাথায় জালে পাঠান চেরকি। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

৮৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ওলিস। দুয়ের পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে বেলজিয়ামের জালে পাঠান তিনি। যোগ করা সময়ে আবারও গোলের দেখা পান ওলিস। এবার দুয়ের চমৎকার পাস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি এবং ফ্রান্সের জয় নিশ্চিত হয় ৪-১ ব্যবধানে।

ম্যাচে প্রায় ৬৬ শতাংশ বলের দখল ছিল ফ্রান্সের। গোলের উদ্দেশ্যে তারা ২৩টি শট নেয়, যার আটটি ছিল লক্ষ্যে। বিপরীতে বেলজিয়াম পাঁচটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে।

নেশনস লিগে প্রথম দুই ম্যাচে জয় পাওয়ার পর ইতালির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ফ্রান্স। বেলজিয়ামকে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছে তারা। চার ম্যাচে এবারই প্রথম একাধিক গোল করল ফরাসিরা।

এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শীর্ষস্থান আরও শক্ত করেছে ফ্রান্স।