দীর্ঘ ১৪ বছর পর বলিউড পর্দায় ফের একসাথে হাজির হচ্ছেন ইমরান হাশমি ও রনদীপ হুডা। ২০১২ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘জান্নাত ২’-এর পর প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার নতুন একটি অ্যাকশন থ্রিলার সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন তারা। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি।
‘আওয়ারাপন ২’-এর সাফল্যের পর ইমরান হাশমির ব্যস্ততা এখন তুঙ্গে। আগামী নভেম্বরেই মুক্তির অপেক্ষায় রয়েছে আদিত্য দত্ত পরিচালিত তার নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’, যার সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশমিয়া। সেই আবহের মাঝেই এলো ইমরানের নতুন এই প্রজেক্টের খবর।
বলিউডভিত্তিক সংবাদমাধ্যম ‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদনে জানা যায়, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সম্প্রতি ইমরান হাশমির সাথে দেখা করে ছবিটির গল্প শোনান। চিত্রনাট্য পছন্দ হওয়ায় এতে অভিনয়ে সম্মতি দেন ইমরান। তারকাবহুল এই বিগ বাজেট অ্যাকশন থ্রিলারে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রনদীপ হুডাকেও।
ছবিটির পরিচালক, অভিনয়শিল্পী কিংবা গল্প নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত ঘোষণা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান। নাম না পাওয়া এই অ্যাকশন থ্রিলারটির শুটিং শুরু হতে পারে ২০২৭ সালে এবং একই বছরের শেষের দিকে এটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন পর ইমরান-রনদীপ জুটির এই প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে বলিউড ভক্তদের তীব্র আগ্রহ।

