...|...|...

বিনোদন

হোটেল কক্ষে মিলল জনপ্রিয় ইউটিউবারের লাশ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, বিকেল ৪:১৬
Shares
হোটেল কক্ষে মিলল জনপ্রিয় ইউটিউবারের লাশ

থাই ভ্রমণ-ইউটিউবার লুন সোলো। ছবি: সংগৃহীত

জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে এক হোটেল কক্ষ থেকে উদ্ধার হয়েছে থাই ভ্রমণ-ইউটিউবার লুন সোলোর লাশ। জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ধরে পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিল না ২৭ বছর বয়সী এই ইউটিউবারের। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

 বুধবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করে দেশটির পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী তিবিলিসির ওই হোটেল থেকেই মেলে তার নিথর দেহ। খবরটি ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে নেমে আসে শোকের ছায়া। ভক্ত-অনুসারীরা একের পর এক শোকবার্তা জানাতে থাকেন।

লুন সোলো নামে পরিচিত হলেও তার আসল নাম বোওয়ার্নথাত পেংসুক। তিনি নিজের ভ্রমণভিত্তিক ইউটিউব চ্যানেলের জন্য নতুন কনটেন্ট তৈরির উদ্দেশে জুলাইয়ের শুরুতে জর্জিয়ায় পা রাখেন।

এ ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ কিংবা ঘটনার পেছনের পরিস্থিতি নিয়ে এখনো কিছু জানানো হয়নি।

এর আগেও একবার আলোচনায় এসেছিলেন লুন সোলো-তখন কারণ ছিল ভিন্ন। ভাইকে খুঁজে পাওয়ার আকুতি জানিয়ে জনসাধারণের সহায়তা চেয়েছিলেন তার ভাই। পরিবারের ভাষ্য, ১৩ জুলাইয়ের পর থেকেই যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি; বারবার চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি।

পরিবারের ঘনিষ্ঠ একজনের মাধ্যমে জানা গেছে, সামাজিক মাধ্যমে আসা কিছু বার্তা থেকেই প্রথম মৃত্যুর আঁচ পান ভাই সোমসাক বুতশ্রী। এরপর থাইল্যান্ডের কনস্যুলার কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করে গোটা পরিবার।

একা ব্যাকপ্যাক কাঁধে দেশ থেকে দেশে ঘুরে বেড়ানো, কম খরচে ভ্রমণের বাস্তবসম্মত অভিজ্ঞতা তুলে ধরাই ছিল লুন সোলোর কনটেন্টের মূল বৈশিষ্ট্য-আর এতেই গড়ে ওঠে তার বিশাল অনুসারী বলয়: ফেসবুকে প্রায় ২৪ লাখ ফলোয়ার, ইউটিউবে ১০ লাখেরও বেশি সাবস্ক্রাইবার।

শৈশবে বাবাকে হারিয়ে থাইল্যান্ডের কালাসিন অঞ্চলে দাদীর ছায়ায় বেড়ে ওঠেন তিনি। স্কুল শেষে প্রথমে কারখানায় কাজ নিলেও, পরে স্কলারশিপ পেয়ে ব্যাংককের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন।

এরপর নিরাপদ চাকরির গণ্ডি পেরিয়ে পুরোদস্তুর কনটেন্ট নির্মাতা হিসেবে নতুন পথচলা শুরু করেন-আর স্বল্প খরচে বিশ্বভ্রমণের গল্প বলেই জিতে নেন লাখো মানুষের ভালোবাসা।