...|...|...

আইন ও আদালত

পুলিশ সদর দফতর

হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪০ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৯
Shares
হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগে ৪৫৭টিসহ মোট ৬৭৩টি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। সম্প্রতি ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির আবেদন করা হলেও তা এখনো প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডের রায় দেন।

এই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।