...|...|...

সারাদেশ

হাসিনার প্রতি এত প্রেম, মুখ্যমন্ত্রী বানিয়ে দিন: ভারতকে বিএনপি নেতা মনিরুজ্জামান

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৬
Shares
হাসিনার প্রতি এত প্রেম, মুখ্যমন্ত্রী বানিয়ে দিন: ভারতকে বিএনপি নেতা মনিরুজ্জামান

ছবি: টাইমস টুডে

সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত দিয়ে শেখ হাসিনা বা তার কোনো দোসরকে শ্যামনগরের মাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান। ভারতের সমালোচনা করে তিনি বলেন, হাসিনার প্রতি এত প্রেম থাকলে ভারতের কোনো রাজ্যে তাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু বাংলাদেশ তাকে আর গ্রহণ করবে না।

রবিবার (২৯ নভেম্বর) শ্যামনগরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে উপজেলা বিএনপির আয়োজিত মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মনিরুজ্জামান বলেন, সুন্দরবনের কোলঘেঁষা শ্যামনগরের মানুষ সীমান্ত দিয়ে শেখ হাসিনা কিংবা তার কোনো দোসরকে এ অঞ্চলে প্রবেশ করতে দেবে না। শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতা-কর্মীদের ওপর জুলুম, অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে। চৌধুরী আলম ও ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, সারা দেশে অসংখ্য মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের শেষ পর্যায়ে শেখ হাসিনার পতনের আগে কয়েক দিনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। তাদের রক্ত ও স্বজনদের কান্না এখনো শুকায়নি। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।

বিএনপি নেতা-কর্মীরা গত নয় মাস ধরে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে চলেছেন দাবি করে মনিরুজ্জামান বলেন, শ্যামনগরে আগের মতো বিরোধী মতের নেতা-কর্মীদের ওপর জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা ঘটেনি। তারা দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে সম্প্রীতিমূলক সমাজ গঠনের চেষ্টা করছেন।

প্রতিবেশী দেশের সমালোচনা করে তিনি বলেন, একটি দেশ শেখ হাসিনাকে সামনে রেখে বাংলাদেশকে আবার করদ রাজ্যে পরিণত করতে চায়। তবে ১৮ কোটি মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশ আর ভারতের গোলামি করবে না।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিগত সময়ে যারা নির্যাতন করেছে কিংবা বর্তমানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে সংশ্লিষ্টদের আটক করে পুলিশের হাতে তুলে দিতে হবে।

তিনি আরও বলেন, অতীতে নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ত থাকলেও ৫ আগস্টের পর যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, নতুন করে কোনো অপরাধ বা নৈরাজ্যে জড়িত নন, তাদের যেন হয়রানি বা নির্যাতন করা না হয়। একই সাথে প্রতিটি ওয়ার্ডে ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ টিম গঠন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে মনিরুজ্জামান বলেন, অতীতের ক্ষমতাসীনদের সাথে সম্পর্কের কারণে কেউ যেন নতুন করে পক্ষপাতমূলক আচরণ না করেন। বর্তমান সরকারের অধীনে দায়িত্ব পালন করতে হলে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির। উপজেলা বিএনপির সদস্যসচিব আশেক ইলাহী মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, মাসুদুল আলম, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জি এম সাদেকুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদুল ইসলাম আমজাদ।

এ ছাড়া বক্তব্য দেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জি এম লিয়াকত আলী, কৈখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মল্লিক, গাজী শাহ আলম, আজিজুল হক, শহীদুজ্জামান শহীদ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়েল, কামরুজ্জামান, আজিজুর, আনোয়ার, মন্টু, দুলু, আঙ্গুর ও সিদ্দিকসহ স্থানীয় বিএনপির নেতারা।