...|...|...

জাতীয়

রুলস অব বিজনেস সংশোধন

হালাল পণ্যের সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, সকাল ১০:৩৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪১
Shares
হালাল পণ্যের সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়

হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে রুলস অব বিজনেস, ১৯৯৬ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রবিবার (২৩ আগস্ট) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ এর সংশ্লিষ্ট অংশে এ সংশোধন এনেছেন।

সংশোধনের মাধ্যমে রুলস অব বিজনেসের শিডিউল-১ এ থাকা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টনের তালিকায় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি দায়িত্ব যুক্ত করা হয়েছে।

মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স শিরোনামের আইটেম নম্বর ২২ এর পর নতুন আইটেম নম্বর ২৩ সংযোজন করা হয়েছে। এতে ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর ফলে হালাল পণ্যের মান নির্ধারণ এবং হালাল সনদ দেওয়াসহ এ সংক্রান্ত বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত হলো।

ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানকে হালাল সনদ দেওয়ার পাশাপাশি হালাল মান নির্ধারণের কাজ করে আসছে। তবে এতদিন এ কার্যক্রমের আইনগত ভিত্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল।

রুলস অব বিজনেস সংশোধনের ফলে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হালাল পণ্যের মান ও সনদ দেওয়ার কার্যক্রম এবার প্রশাসনিকভাবে নির্দিষ্ট দায়িত্বের আওতায় এলো। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে দেশে হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ প্রদানের কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক কাঠামো পাবে।