ফুটবল মাঠে প্রতিপক্ষকে সামলাতে অভ্যস্ত আর্লিং হালান্ড। তবে এবার নিজের নামের বাণিজ্যিক স্বত্ব ফিরে পেতে আইনি লড়াইয়ে নামতে হয়েছে ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান স্ট্রাইকারকে। তার প্রতিপক্ষ পোল্যান্ডের এক ইলেকট্রিশিয়ান। ‘হালান্ড’ নামের ট্রেডমার্কের মালিকানা নিয়ে দুজনের মধ্যে চলছে এই বিরোধ।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। নিজের নামে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) একটি ব্র্যান্ড নিবন্ধন করতে গিয়ে হালান্ড জানতে পারেন, এর আগেই ‘হালান্ড’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করিয়েছেন মিশেল ওয়াস নামের এক পোলিশ ইলেকট্রিশিয়ান। তিনি নরওয়েতে কাজ করেন।
দ্য সান ও ইয়াহু স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে নিবন্ধিত ওই ট্রেডমার্কের আওতায় ছিল ১৬ ধরনের পণ্য। এর মধ্যে রয়েছে খেলাধুলার পোশাক, ফুটবল বুট, প্রোটিন সাপ্লিমেন্ট, এনার্জি ড্রিংকস, স্পোর্টস ব্যাগ, মদ, দই, খেলনা ও অন্তর্বাস।
হালান্ডের আইনজীবীদের অভিযোগ, ফুটবলারের জনপ্রিয়তাকে পুঁজি করে ব্যবসায়িক সুবিধা নেওয়ার উদ্দেশ্যেই ওয়াস নামটি নিবন্ধন করেছিলেন। তাদের দাবি, ট্রেডমার্ক নিবন্ধনের সময় পোল্যান্ডেও হালান্ডের পরিচিতি ও জনপ্রিয়তা ছিল।
অন্যদিকে ওয়াসের দাবি, ‘হালান্ড’ নামটি এসেছে ‘হাই অ্যাডভান্সড অ্যাকটিভিটি ল্যান্ড’ শব্দগুলোর সংক্ষিপ্ত রূপ থেকে। তবে তার এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি ইউরোপীয় ইউনিয়নের মেধাস্বত্ব দপ্তর (ইইউআইপিও)। সংস্থাটির মতে, হালান্ডের খ্যাতি কাজে লাগানোর উদ্দেশ্যেই নামটি ব্যবহার করা হয়েছিল। এ কারণে ট্রেডমার্কটির নিবন্ধন বাতিল করা হয়।
তবে এই সিদ্ধান্ত মেনে নেননি ওয়াস। গত ২২ জুলাই ইউরোপীয় ইউনিয়নের সাধারণ আদালতে ইইউআইপিওর সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন তিনি। ফলে নিজের নামের বাণিজ্যিক স্বত্ব নিয়ে হালান্ডের আইনি লড়াই এখনো শেষ হয়নি। মামলার শুনানির তারিখ অবশ্য এখনো নির্ধারণ করা হয়নি।


