...|...|...

স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫:০১ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫:০২
Shares
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে।

এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মৃত্যুর এ হিসাব করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে দুজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৮৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনে।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৫৪১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৬৩৮ জন, রাজশাহীতে ৪৩, সিলেটে ২২৯, চট্টগ্রামে ২৬৯, বরিশালে ১০৬, ময়মনসিংহে ১১৪, খুলনায় ৮৪ এবং রংপুরে ৫৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৯ হাজার ২০৭ জন।

এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৮০ জন।