...|...|...

খেলা

হাজার গোলের পথে রোনালদো, পেনাল্টি মিসে ডুবল আল নাসর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৭
Shares
হাজার গোলের পথে রোনালদো, পেনাল্টি মিসে ডুবল আল নাসর

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ব্যক্তিগত সাফল্যের রাতে দলীয়ভাবে হতাশ হতে হয়েছে পর্তুগিজ মহাতারকাকে। তার পেনাল্টি মিসের সুযোগ কাজে লাগিয়ে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসরকে ৩-১ গোলে হারিয়েছে প্রতিদ্বন্দ্বী আল আহলি। ম্যাচে একটি গোল করলেও দলের হার ঠেকাতে পারেননি ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

শুক্রবার (২০ নভেম্বর) সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল নাসর ও আল আহলি। ম্যাচের ১৫ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে দুর্দান্ত ভলিতে বল জালে পাঠিয়ে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। এটি ছিল তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ৯৮৬তম গোল। চলতি মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার দশম গোল।

গোল করার চার মিনিট পরই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন রোনালদো। বক্সের মধ্যে নাওয়াফ আল-বুশাইল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসর। স্পটকিক থেকে গোল করার দায়িত্ব নেন রোনালদো। কিন্তু তার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। চলতি মৌসুমে আল নাসরের হয়ে পাওয়া দুটি পেনাল্টিই কাজে লাগাতে ব্যর্থ হলেন তিনি। সৌদি প্রো লিগে এই প্রথম টানা দুই পেনাল্টিতে গোল করতে পারলেন না পর্তুগিজ তারকা।

প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতায় ফেরে আল আহলি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গালেনো। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সফরকারীরা। পেনাল্টি থেকে গোল করে আল আহলিকে এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার আইভান টনি। চলতি মৌসুমে লিগে এটি তার ১৪তম গোল। এর মাত্র চার মিনিট পর রজার ইবানেজের গোলে ব্যবধান ৩-১ করে আল আহলি।

এই হারে লিগে মৌসুমের দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল আল নাসর। তবে পয়েন্ট তালিকার তিন নম্বর অবস্থান ধরে রেখেছে রোনালদোর দল। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই জয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান এখন চার।

এদিকে রোনালদোর ক্যারিয়ার গোলের সংখ্যা ৯৮৬ ধরার ক্ষেত্রে একটি বিতর্কিত গোলও যুক্ত রয়েছে। গত ২৩ অক্টোবর আল ফয়সালির বিপক্ষে করা গোলটি সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ রোনালদোর নামেই নথিভুক্ত করেছে। যদিও পরিসংখ্যানবিষয়ক সংস্থা অপটা গোলটিকে আত্মঘাতী হিসেবে বিবেচনা করেছে। ফলে ১ হাজার গোলের মাইলফলক থেকে রোনালদো কতটা দূরে, সেই হিসাবেও রয়েছে পরিসংখ্যানগত বিতর্ক।