হবিগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার আসামি জয়নাল আবেদিন (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) হবিগঞ্জ সদর হাসপাতালে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল উদ্দিন।
তিনি জানান, জেলার নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামের একটি হত্যা মামলার আসামি জয়নাল আবেদিন চলতি বছরের ২০ এপ্রিল হবিগঞ্জ কারাগারে আসেন।
শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টায় তিনি মারা যান।
জেলার আরও জানান, জয়নালের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ আগামীকাল রোববার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


