২০২৭ সালের হজে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের হজযাত্রী কোটা বাড়ানোর ফলে নতুন করে হজের প্রাথমিক নিবন্ধনের সুযোগ পাচ্ছেন আগ্রহীরা। পাশাপাশি সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটাতেও নিবন্ধন করা যাবে।
রবিবার (১৫ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শেষ হয়। তখন বাংলাদেশের জন্য নির্ধারিত হজযাত্রীর কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। পরবর্তী সময়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের জন্য কোটা বৃদ্ধি করে।
বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় নতুন করে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে নিবন্ধন কার্যক্রম আগেই বন্ধ করে দেওয়া হবে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।


