...|...|...

জাতীয়

সড়ক দুর্ঘটনার শিকার ৭৮৭৭ পরিবারকে দেওয়া হয়েছে ৩২২ কোটি টাকা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৯
Shares
সড়ক দুর্ঘটনার শিকার ৭৮৭৭ পরিবারকে দেওয়া হয়েছে ৩২২ কোটি টাকা

ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন আইন ও বিধিমালার অধীন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা মৃত ব্যক্তির উত্তরাধিকারীকে আর্থিক সহায়তার উদ্দেশ্যে ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এর মাধমে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭ হাজার ৮৭৭ জনের পরিবারকে ৩২২ কোটি ৮৯ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন বিধিমালা-২০২২ কার্যকর হওয়ার মাধ্যমে ট্রাস্টি বোর্ডের আওতায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রাপ্তির আবেদন গ্রহণ করা হয়। আর সড়ক পরিবহন বিধিমালার ১৫০(১) উপবিধি অনুযায়ী দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ফর্ম-৩২ এর মাধ্যমে আর্থিক সহায়তার আবেদন করা যায়।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর আইন উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম বলেন, ‘কেউ সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত হলে সড়ক পরিবহণ আইন-২০১৮ ও সড়ক পরিবহণ বিধিমালা ২০২২ অনুযায়ী সুনির্দিষ্ট ক্ষতিপূরণ পাওয়ার বিধান রয়েছে। ভুক্তভোগীরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করলে ট্রাস্টি বোর্ড দুর্ঘটনায় বিধি অনুযায়ী ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন।’

তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬২ জনকে আর্থিক সহায়তার চেক প্রদানের কার্যক্রম শুরু হয় ২০২৩ সালের ১৯ অক্টোবর। ট্রাস্টি বোর্ডের চেক বিতরণের বিবরণী অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭ হাজার ৮৭৭ জনের জন্য ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ৩২২ কোটি ৮৯ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’

তিনি জানান, গত জানুয়ারি থেকে এই অক্টোবর পর্যন্ত দেওয়া হয়েছে ২০৬ কোটি ৮ লাখ টাকা। এ পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া ৭ হাজার ৮৭৭ জনের মধ্যে আহত ১৪৩২ জন, গুরুতর আহত ৬৮৪ জন এবং নিহত ৫৭৬১ জনের পরিবারকে তাদের প্রাপ্য টাকার চেক দেওয়া হয়েছে।

২০২২ সালের সড়ক পরিবহন বিধিমালার ১৪৯ বিধি অনুযায়ী দুর্ঘটনায় নিহত বা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করলে আর্থিক সহায়তার পরিমাণ হবে এককালীন অন্যূন ৫ লাখ টাকা। আর দুর্ঘটনা কবলিত ব্যক্তির গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে আর্থিক সহায়তার পরিমাণ হবে অন্যূন ৩ লাখ টাকা। এ ছাড়া গুরুতর আহত ও চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে আর্থিক সহায়তার পরিমাণ হবে অন্যূন ৩ লাখ টাকা। তবে গুরুতর আহত কিন্তু চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে আর্থিক সহায়তার পরিমাণ হবে অন্যূন ১ লাখ টাকা।