...|...|...

সারাদেশ

স্বামী মৃত্যুর কয়েক ঘণ্টা পর না ফেরার দেশে স্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৪৩
Shares
স্বামী মৃত্যুর কয়েক ঘণ্টা পর না ফেরার দেশে স্ত্রী

স্বামী মৃত্যুর কয়েক ঘণ্টা পর না ফেরার দেশে স্ত্রী। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টা পর রেললাইনে পাওয়া গেছে ৮০ বছর বয়সী স্ত্রী নিত্য বালা অধিকারীর লাশ। সোমবার রাতে স্বামী হরেন্দ্র বর্মন অধিকারীর মৃত্যুর পর মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। পরে ধর্মীয় রীতি অনুযায়ী পাশাপাশি দুটি চিতায় স্বামী-স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও পাঁচঘরিয়াপাড়া এলাকায় হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ৮৫ বছর বয়সী হরেন্দ্র বর্মন অধিকারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতেই অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়।

স্বামীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন নিত্য বালা। স্বজনদের ভাষ্য, দীর্ঘ দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে তিনি সারারাত স্বামীর লাশের পাশে বসে কাঁদছিলেন। কোনোভাবেই শোক সামলে উঠতে পারছিলেন না তিনি।

ভোরের দিকে পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লে একপর্যায়ে নিত্য বালাকে ঘরে পাওয়া যায়নি। পরে স্বজনরা বাড়ির সামনের রেললাইনের দিকে খোঁজাখুঁজি শুরু করেন। আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে রেললাইনের ওপর তার লাশ দেখতে পান তারা।

স্থানীয়দের ধারণা, স্বামীর মৃত্যুর শোকেই নিত্য বালা রেললাইনের দিকে চলে গিয়েছিলেন। তবে তার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

একই সময়ে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়। হরেন্দ্র বর্মনের লাশের পাশে রাখা হয় নিত্য বালার লাশও। পরে ধর্মীয় রীতি মেনে পাশাপাশি দুটি চিতায় তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি রেলওয়ে থানাকেও জানানো হয়েছে।