...|...|...

রাজনীতি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর মনে হচ্ছে: জামায়াত আমির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, রাত ৮:০৪ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, রাত ৮:২৩
Shares
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর মনে হচ্ছে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতা, হামলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে কার্যকারিতা দেখা যাচ্ছে না। এ পরিস্থিতির সম্পূর্ণ দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্পষ্ট জবাব দাবি করেন তিনি।

বক্তব্যে সাম্প্রতিক বিভিন্ন নাশকতার ঘটনা তুলে ধরে জামায়াত আমির বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। আর্মি গলফ ক্লাব, এসবির সদর দফতরের সামনে, থানার ফটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন এমন ঘটনা ঘটেছে এবং মঙ্গলবারও দুজন আহত হয়েছেন।

সীমান্ত ও পার্বত্য এলাকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান তিনি। সন্ত্রাসীদের দমনে অভিযান চালাতে গিয়ে সম্প্রতি একজন তরুণ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, কয়েক দিন আগে সাজেক ভ্যালিকে কেন্দ্র করেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল। এ ছাড়া গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বিচ্ছিন্ন হামলার ঘটনাও তুলে ধরেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, এতগুলো ঘটনার পরও কোথায় কাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

দেশে বিজিবি, এসআরবি, এপিবিএন, নিয়মিত পুলিশ ও আনসার ব্যাটালিয়নসহ একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এত বাহিনী থাকা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এর দায় সরকার এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা মন্ত্রণালয়কে বর্তমানে অকার্যকর মনে হচ্ছে। তাদের কার্যক্রমে প্রত্যাশিত সক্ষমতার প্রতিফলন দেখা যাচ্ছে না।

দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগের কথা এখনও মানুষের মনে রয়েছে। সেই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরিস্থিতিতে বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া যাবে না।

সরকারের উপদেষ্টাদের পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করে জামায়াত আমির বলেন, কোনো উপদেষ্টা একবার আওয়ামী লীগের সাথে পুনর্মিলনের সম্ভাবনার কথা বলছেন, আবার কয়েক দিন পরই সেটি অসম্ভব বলে মন্তব্য করছেন। একই ব্যক্তির এমন বিপরীতমুখী বক্তব্য জাতির সামনে কী বার্তা দিচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ সময় গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, বিরোধী দলের সদস্যদের নাজেহাল করতে গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয় রয়েছেন। এক সংসদ সদস্যকে গোয়েন্দা দফতর থেকে ফোন করে জামায়াত ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।