...|...|...

খেলা

স্থগিত বাংলাদেশ ফুটবল লিগ, নেপথ্যে যে কারণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৮
Shares
স্থগিত বাংলাদেশ ফুটবল লিগ, নেপথ্যে যে কারণ

ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তা ও সূচি-বিভ্রাটের পর অবশেষে স্থগিত করা হয়েছে দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর ‘বাংলাদেশ ফুটবল লিগ’। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠেয় ফিফা আশিয়ান কাপে জাতীয় দলের মিশন শেষে আগামী ২ অক্টোবর থেকে পুনরায় এই লিগ মাঠে গড়াবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

গত ১৮ সেপ্টেম্বর মাঠে গড়িয়েছিল ২০২৬-২৭ মৌসুমের ঘরোয়া ফুটবল। তবে খেলা শুরু হলেও বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপের সূচি নিয়ে জটিলতা কাটেনি। মাত্র পাঁচ দিনের ব্যবধানে চারবার ফিকশ্চারে পরিবর্তন আনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সর্বশেষ আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে আবাহনী লিমিটেড ও চট্টগ্রাম সিটি এএফসির মধ্যকার ফেডারেশন কাপের ম্যাচটি হুট করে স্থগিত করে সংস্থাটি।

সূচির এই বিশৃঙ্খলার পেছনে ক্লাবগুলোর আপত্তি ও বাফুফের পরিকল্পনার অভাবকে দায়ী করা হচ্ছে। প্রথম রাউন্ডে বিরতিতে থাকা মোহামেডানের দাবির মুখে তাদের ম্যাচ পিছিয়ে দেওয়া হলে সমতা আনার লক্ষ্যে আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জও নিজেদের ম্যাচ পেছানোর দাবি তোলে। মোহামেডান মাঠে নামার আগে আবাহনী দুই ম্যাচ খেলে ফেলবে—এমন বৈষম্য মানতে রাজি ছিল না আবাহনী।

প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে ক্লাবের আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া এবং পরবর্তীতে ক্লাবগুলোর আপত্তিতে তা ঘনঘন পরিবর্তনের ফলে তৈরি হয় মারাত্মক জটিলতা। মাঠের লড়াই শুরুর আগেই বাফুফে ও ক্লাবগুলোর মধ্যে টানাপোড়েনে মৌসুমের শুরুতেই চরম অনিশ্চয়তায় পড়েন খেলোয়াড় ও সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল লিগ স্থগিত করার পথ বেছে নেয় বাফুফে।