...|...|...

খেলা

তুর্কি সুপার লিগে সালাহর ঝলক, অভিষেকেই হ্যাটট্রিক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪০ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪৮
Shares
তুর্কি সুপার লিগে সালাহর ঝলক, অভিষেকেই হ্যাটট্রিক

মোহাম্মদ সালাহ । ছবি : সংগৃহীত

তুর্কি সুপার লিগে অভিষেকেই হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ সালাহ। এই দুর্দান্ত হ্যাটট্রিক ও একটি অ্যাসিস্টে শীর্ষে থাকা গালাতাসারাইকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ট্রাবজোন্সপোর। সালাহর এমন দাপুটে পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন তার সাবেক লিভারপুল সতীর্থ ফাবিনিয়োও।

শনিবার (১৯ সেপ্টেম্বর) লিগের অন্যতম শক্তিশালী দল এবং তৎকালীন টেবিল টপার গালাতাসারের বিপক্ষে ম্যাচটিতে তিনি এই কীর্তি গড়েন। সালাহর অনবদ্য হ্যাটট্রিক এবং একটি অ্যাসিস্টের ওপর ভর করে ট্রাবজনস্পোর ৪–০ গোলের বিশাল ব্যবধানে জয় পায়।

ঘরের মাঠ পাপারা পার্কে ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের খাতা খোলেন ৩৪ বছর বয়সী এই মিশরীয় তারকা। এরপর নোয়াহ স্যাভিওলোকে দিয়ে দ্বিতীয় গোলটি করানোর পর প্রথমার্ধের শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। ম্যাচের ৮০ মিনিটে চোখধাঁধানো হ্যাটট্রিক পূর্ণ করেন সালাহ, যা ট্রাবজোন্সপোরের নতুন কোচ থমাস রাইসের জন্য এক দারুণ উপহার।

ম্যাচ শেষে সাবেক লিভারপুল সতীর্থ সালাহের ভূয়সী প্রশংসা করে ট্রাবজোন্সপোর মিডফিল্ডার ফাবিনিয়ো বলেন, বড় ম্যাচের জন্যই বড় খেলোয়াড়দের প্রয়োজন হয়। ওর মতো তারকাদের কাছ থেকে সবাই এমন পারফরম্যান্সই প্রত্যাশা করে, আর সালাহ সব সময়ই সেটি করে দেখায়। দল হিসেবে আমরা তার উপস্থিতি উপভোগ করি। ওর প্রথম হ্যাটট্রিকে আমি ভীষণ আনন্দিত।

অন্যদিকে ম্যাচের দ্বিতীয়ার্ধে গালাতাসারাইয়ের পরিস্থিতি আরও করুণ হয়ে ওঠে। ৭২ মিনিটে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় সফরকারী কোচ ওকান বুরুককে। এর কিছুক্ষণ পর ভিএআর পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার লেসলি উগোচুকু।

সব কটি গোলেই সরাসরি অবদান রাখা সালাহের এমন বিধ্বংসী জয়ে পয়েন্ট তালিকায় ১০ পয়েন্ট সংগ্রহ করে ট্রাবজোন্সপোর, যা শিরোপার লড়াইয়ে তাদের শক্ত অবস্থান জানান দিল। আন্তর্জাতিক বিরতির ঠিক আগে এই বড় জয় নতুন কোচ থমাস রাইস ও ট্রাবজোন্সপোর দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।