চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে স্ত্রী শাহনাজ বেগমকে (২২) পরিকল্পিতভাবে হত্যার দায়ে স্বামী মো. নেজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন।
মামলার নথিসূত্রে জানা গেছে, ২০১১ সালে পটিয়া উপজেলার মৃত কবির আহমদের ছেলে নেজাম উদ্দিনের সাথে শাহনাজ বেগমের বিয়ে হয়। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে অসুস্থ স্ত্রীর উন্নত চিকিৎসার কথা বলে পটিয়া থেকে নগরীতে নিয়ে আসেন নেজাম। তবে হাসপাতালে না নিয়ে তাকে বহদ্দারহাটের হোটেল আল-রেজার একটি কক্ষে তোলেন তিনি। পরবর্তীতে ওই কক্ষ থেকেই শাহনাজের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা মো. আজগর আলী বাদী হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালে চার্জগঠনের পর দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত থাকায় সাজা পরোয়ানামূলে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


