স্ত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় সদ্য নিয়োগ পাওয়া এক এএসপিকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমানুল্লাহ আকাশ নামে (২৫) নামে একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে জামালপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এএসপির নাম হাদিদ হাসান হিমেল। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত, তিনি বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছেন। ১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার যোগদানের কথা রয়েছে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে দেওয়ানগঞ্জ বাজার থেকে এসে জামালপুর স্টেশনে স্ত্রী-সন্তানকে নিয়ে নামার সময় ৪-৫ জন তরুণ হাদিদ হাসান হিমেলের স্ত্রীকে উদ্দেশ্য করে কটূক্তি করে। এসময় হিমেলের শ্বশুর-শাশুড়িও সাথে ছিলেন।
স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আটক আকাশসহ ৪-৫ যুবক এএসপি হিমেলকে বেধড়ক মারধর করে। তাকে মারধরের ঘটনায় রেলওয়ে পুলিশ আকাশকে আটক করে। আটক আকাশের বাড়ি জামালপুর শহরের বন্দেরবাড়ি এলাকায়। হিমেলকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাদিদ হাসান হিমেল বলেন, বউ-বাচ্চাসহ শ্বশুর-শাশুড়িকে নিয়ে দেওয়ানগঞ্জ থেকে এসে জামালপুর স্টেশনে নামার সময় আমার স্ত্রীকে উদ্দেশ্য করে বাজে কথা বললে আমি প্রতিবাদ করি। তখন তারা আমাকে মারধর করে। রেলওয়ে পুলিশের সহযোগিতায় একজনকে আটক করা হয়েছে, অন্য দুজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।
তিনি বলেন, আমার ডান হাতের কনিষ্ঠ আঙুলের কবজির অংশে ভেঙে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
জানতে চাইলে রেলওয়ে পুলিশ জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আকাশ নামে একজন আটক আছে। আহত হিমেল চিকিৎসা নিয়ে ফিরে লিখিত অভিযোগ জমা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


