...|...|...

জাতীয়

স্টুডিও ও হেলথ সেন্টারে হামলা ‘সরকারের জন্য ওয়েক-আপ কল’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫৪
Shares
স্টুডিও ও হেলথ সেন্টারে হামলা ‘সরকারের জন্য ওয়েক-আপ কল’

ছবি : সংগৃহীত

জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও রাজধানীর মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এসব গুরুতর অপরাধকে বর্তমান সরকারের জন্য স্পষ্ট ‘ওয়েক-আপ কল’ (সতর্কবার্তা) বলে উল্লেখ করেছেন তিনি।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল এ মন্তব্য করেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনা ঘটে। সেখানে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর চালানো হয়।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে মিরপুর-১-এর ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ দেশীয় অস্ত্রসহ প্রায় দুই শতাধিক মুখোশধারী হামলা চালায়। নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, নগদ টাকাসহ মালামাল লুটপাটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

ঘটনাগুলোর তীব্র সমালোচনা করে আসিফ নজরুল লেখেন, সালমান মুক্তাদিরের স্টুডিও ও মিরপুরের রাড্ডা সেন্টারে হামলা-লুটপাট কেবল গুরুতর ফৌজদারি অপরাধই নয়, রাষ্ট্রের আইন ও কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।

তিনি আরও উল্লেখ করেন, অপরাধ প্রতিরোধে কিছু সীমাবদ্ধতা থাকলেও অপরাধ ঘটার পর জড়িতদের গ্রেপ্তার ও বিচারে ব্যর্থতার কোনো অজুহাত থাকতে পারে না। শুধু মাঠের অপরাধী নয়, নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনার তাগিদ দেন তিনি।

অপরাধী যে দলেরই হোক না কেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাবেক এই আইন উপদেষ্টা।