শরীয়তপুরের জাজিরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক কিশোরকে কান ধরে উঠবস করানোর পর মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিকেনগর ইউনিয়নের বড় কৃষ্ণ নগর পাবলিক উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল অভিযুক্ত কিশোর। সম্প্রতি বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রাজ্জাক মাদবরকে জানায়। এর পরিপ্রেক্ষিতে তিনি বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেন।
মঙ্গলবার দুপুরে ওই কিশোর বিদ্যালয়ের গেটের সামনে এলে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
পরবর্তীতে রাজ্জাক মাদবরের নেতৃত্বে ওই কিশোরকে কান ধরে উঠবস করানো হয়। একপর্যায়ে তার মাথা ন্যাড়া করে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে ছেড়ে দেওয়া হয়।
এদিকে ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একশ্রেণির মানুষ মনে করছেন, বখাটেপনা রোধে এ ধরনের কঠোর পদক্ষেপ অন্যদের জন্য দৃষ্টান্ত হতে পারে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রাজ্জাক মাদবর বলেন, এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাকে কান ধরে উঠবস করানো হয় এবং মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়া হয়।
আইনগত ব্যবস্থা না নিয়ে নিজে শাস্তি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্ত কিশোর ও ভুক্তভোগী ছাত্রীর পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহাম্মদ জানান, বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


