সৌদি আরবের উপকূলে একই এলাকায় দ্বিতীয় একটি ট্যাঙ্কারে হামলার খবর জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। হামলায় জাহাজটির পেছনের বাম অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন। বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ইউকেএমটিও জানায়, শুক্রবার গ্রিনিচ মান সময় ১৯টা ২২ মিনিটে আল-জুবাইল বন্দর থেকে প্রায় ৭৮ নটিক্যাল মাইল বা ১৪৪ কিলোমিটার উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে।
সংস্থাটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্যাঙ্কারটির ক্যাপ্টেন জানিয়েছেন, একটি ছোট নৌকা থেকে রকেটচালিত গ্রেনেড ছুড়ে জাহাজটিতে হামলা চালানো হয়। এতে জাহাজটির পেছনের বাম অংশ ক্ষতিগ্রস্ত হয়।
হামলায় জাহাজের কোনো নাবিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে সব নাবিক নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে ইউকেএমটিও। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ এবং পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাটি তদন্ত করছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই এলাকায় চলাচলকারী অন্যান্য জাহাজকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে তা জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে শনিবার ইউকেএমটিও জানায়, শুক্রবার আল-জুবাইল থেকে প্রায় ৬৮ নটিক্যাল মাইল বা ১২৬ কিলোমিটার উত্তর-পূর্বে অন্য একটি ট্যাঙ্কারে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানে। ওই ঘটনায় জাহাজের সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাবের খবরও পাওয়া যায়নি।


