...|...|...

জাতীয়

সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৪৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৪৮
Shares
সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাংবাদিকদের সাথে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি আটক রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শাহেদ আহমেদের লাশ গ্রহণ করার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের কাছে থাকা তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন কারাগারে প্রায় ৭ হাজার ৫০০ জন বাংলাদেশি বন্দী রয়েছেন। তিনি জানান, চলমান সংঘাতের কারণে যেসব বাংলাদেশি প্রবাসী কর্মস্থলে ফিরতে পারছেন না, তাদের ভিসা ও ইকামার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার সৌদি কর্তৃপক্ষের সাথে কাজ করছে। বিদেশে চাকরি হারানো বাংলাদেশিদের পুনর্বাসন ও পুনরায় কর্মসংস্থানের বিষয়েও সরকার আলোচনা করছে।

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই নাগরিকের বিষয়ে সরকার এখনো বিস্তারিত তথ্য পায়নি।

প্রতিমন্ত্রী জানান, ঘটনাটির সত্যতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার সৌদি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি লিখে তাদের মামলাগুলোর রায়ের অনুলিপি চেয়েছে। মামলাগুলো সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শামা ওবায়েদ বলেন, প্রতিটি দেশের নিজস্ব বিচারব্যবস্থা রয়েছে এবং অন্য কোনো দেশের বিচারিক কার্যক্রমে বাংলাদেশ হস্তক্ষেপ করতে পারে না। তবে, নিজেদের নাগরিকদের জড়িত থাকা মামলাগুলোর বিষয়ে তথ্য সংগ্রহ করা এবং তাদের সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সরকারের দায়িত্ব।