পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে লোকালয়সংলগ্ন একটি খালে বিশাল আকৃতির নোনা পানির কুমিরের ছাগল শিকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২১ সেকেন্ডের ওই ভিডিও প্রকাশের পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বনসংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে মোংলা উপজেলার সুন্দরবনসংলগ্ন ঢাংমারি খালে ঘটনাটি ঘটে।
ভিডিওতে দেখা যায়, বিশাল আকৃতির একটি কুমির মুখে একটি ছাগল চেপে ধরে পানির ওপর বারবার আছড়ে মারছে। পরে ধীরে ধীরে ছাগলটির বিভিন্ন অংশ গিলে খেতে দেখা যায়। এ সময় খাল দিয়ে নৌকায় চলাচলকারী কয়েকজন ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ আজাদ কবির বলেন, নৌকায় থাকা লোকজনের ধারণ করা ভিডিওটি তারা দেখেছেন। ভিডিওতে কুমিরের ছাগল শিকারের দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সুন্দরবনসংলগ্ন এলাকায় কুমিরের বিচরণ বৃদ্ধি পেলেও লোকালয়সংলগ্ন খালপাড় থেকে ছাগল ধরে নিয়ে খাওয়ার এমন ঘটনা এই প্রথম বলে জানা গেছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনের নদী-খালগুলোতে লোনা পানির কুমিরের সংখ্যা বেড়েছে। তাই বনসংলগ্ন এলাকায় গবাদিপশু চরানো, খালের পাড়ে অবস্থান করা কিংবা পানিতে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


