...|...|...

বিশ্ব

সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় চার শিশুসহ নিহত ১৫

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ১২:১৯
Shares
সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় চার শিশুসহ নিহত ১৫

ছবি: সংগৃহীত

সুদানের পশ্চিম কর্দোফান প্রদেশের একটি গ্রামে সেনাবাহিনীর ড্রোন হামলায় চার শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রথম হামলাটি এমন একটি মাঠে হয়, যেখানে শিশুরা ফুটবল খেলছিল।

সোমবার (১৬ নভেম্বর) এক বেঁচে যাওয়া ব্যক্তি ও একটি মানবাধিকার সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রবিবার আবু কালব গ্রামে চালানো ওই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি কয়েকটি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ‘কর্দোফান অবজারভরি’।

হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, আমরা ১৫ জনকে হারিয়েছি। নিহত শিশুদের দুজন এই যুদ্ধের আগেই তাদের বাবাকে হারিয়েছিল। আর নিহতদের মধ্যে ৯ জনই আমার আত্মীয়।

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে কথা বলেন। কারণ, দেশটির যোগাযোগব্যবস্থা প্রায় অচল হয়ে রয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, গ্রামটিতে পরপর দুটি ড্রোন হামলা চালানো হয়। প্রথম বিস্ফোরণটি ঘটে একটি খেলার মাঠে, যেখানে শিশুরা ফুটবল খেলছিল। দ্বিতীয় হামলাটি হয় আবাসিক এলাকায়। এতে কয়েকটি বাড়িতে আগুন ধরে যায় এবং সেগুলোর কিছু পুড়ে ছাই হয়ে যায়।

উল্লেখ্য, পশ্চিম কর্দোফানের নিয়ন্ত্রণ নিয়ে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে তীব্র লড়াই চলছে। কর্দোফান অঞ্চলে সামরিক বাহিনীর পাল্টা অভিযানের অংশ হিসেবেই এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সহায়তাকর্মীদের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি সংঘাতটি বিশ্বের সবচেয়ে বড় খাদ্য ও বাস্তুচ্যুতি সংকটগুলোর একটি তৈরি করেছে।

যুদ্ধে উভয় পক্ষের নির্বিচার ড্রোন ব্যবহারের সমালোচনা করে আসছে জাতিসংঘ। সংস্থাটির তথ্য অনুযায়ী, শুধু ২০২৬ সালের প্রথম ছয় মাসেই ড্রোন হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘ গত সপ্তাহে আরও জানিয়েছে, চলতি বছর শিশু হতাহতের যত ঘটনা নথিভুক্ত হয়েছে, তার প্রায় দুই-তৃতীয়াংশের জন্য ড্রোন হামলাই দায়ী।