...|...|...

জাতীয়

সালমান মুক্তাদিরদের মতো যাদের বেশি রিচ, তারা দায়িত্বশীল হবেন: আশা তথ্য উপদেষ্টার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫১
Shares
সালমান মুক্তাদিরদের মতো যাদের বেশি রিচ, তারা দায়িত্বশীল হবেন: আশা তথ্য উপদেষ্টার

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরসহ সামাজিক যোগাযোগমাধ্যমে যাদের ব্যাপক পরিচিতি ও বড় পরিসরে দর্শক-অনুসারী রয়েছে, তারা ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার পর চাঁদাবাজির অভিযোগ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, শুরুতে সালমান মুক্তাদির বিএনপির লোকজন তার কাছে চাঁদা চেয়েছেন বলে অভিযোগ করেছিলেন। পরে তিনি নিজেই জানান, তার কাছে চাঁদা চাওয়া হয়নি।

এ ধরনের পরিস্থিতিতে কোনো ব্যক্তি অপতথ্য ছড়ালে তা বন্ধে সরকারের করণীয় কী—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা প্রয়োজন।

তিনি বলেন, সালমান মুক্তাদির হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকার তার প্রতি সহানুভূতিশীল। তবে হামলার পর তিনি যে বক্তব্য দিয়েছিলেন, সেটিও বিবেচনায় নেওয়া দরকার।

তথ্য উপদেষ্টা বলেন, পরবর্তী সময়ে সালমান মুক্তাদির তার আগের বক্তব্য থেকে সরে এসেছেন এবং স্বীকার করেছেন যে ঘটনাটি তিনি প্রথমে যেভাবে বলেছিলেন, বাস্তবে সেভাবে ঘটেনি। একই সময়ে শুধু তার স্থাপনাই নয়, আরও কিছু স্থাপনা ভাঙচুরের শিকার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সহিংসতার কোনো ধরনের সমর্থন সরকার করে না জানিয়ে জাহেদ উর রহমান বলেন, এ ধরনের ঘটনা ঘটতে দেওয়া উচিত হয়নি এবং তা প্রতিরোধ করা প্রয়োজন ছিল। এখন সরকারের দায়িত্ব হলো দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার বিচার নিশ্চিত করা। এ বিষয়ে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অপতথ্য ছড়িয়ে পড়াকে বর্তমানে বিশ্বব্যাপী একটি বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের বিভিন্ন আলোচনাতেও অপতথ্যের বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে জানান তিনি।