দেশে বর্তমানে প্রায় ১৩ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি অভিযোগ করেছেন, একটি সংঘবদ্ধ চক্র দেশে কৃত্রিম সারসংকট তৈরির চেষ্টা করছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সাংসদ আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, গত বছর একই সময়ে সরকারি গুদামে ১২ লাখ মেট্রিক টন সার মজুত ছিল। বর্তমানে সেই মজুত প্রায় ১৩ লাখ মেট্রিক টন। তাই দেশে সার নেই এমন বক্তব্য সঠিক নয়।
তিনি জানান, সার বিতরণব্যবস্থা কৃষকবান্ধব করতে সরকার ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ প্রণয়ন করেছে। নতুন নীতিমালায় প্রতি ইউনিয়ন ও পৌরসভায় তিনজন ডিলার রাখার বিধান করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, বিভিন্ন অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত ডিলারদের তালিকা তৈরি করা হচ্ছে। অবৈধভাবে সার মজুতের ঘটনায় বিভিন্ন স্থানে গ্রেপ্তার, জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাঠপর্যায়ে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে স্থানীয় প্রশাসনের সহায়তায় বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে সার পরিস্থিতি পর্যবেক্ষণে পৃথক কমিটি গঠন করা হয়েছে।
নতুন নীতিমালার আওতায় প্রতিটি ইউনিয়নে একজন করে নতুন ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনের সময়সীমা ৩ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ১০ সেপ্টেম্বর করা হয়েছে।



