...|...|...

লাইফস্টাইল

সারাক্ষণ বকাঝকা নয়, ফোনের ছোট্ট সেটিংসেই কমবে শিশুর রিল দেখার নেশা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৭
Shares
সারাক্ষণ বকাঝকা নয়, ফোনের ছোট্ট সেটিংসেই কমবে শিশুর রিল দেখার নেশা

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে স্মার্টফোন শিশুদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। অবসর পেলেই অনেক শিশু ইউটিউব শর্টস, ফেসবুক বা ইনস্টাগ্রামের রিল দেখতে ব্যস্ত হয়ে পড়ে। একটির পর একটি ছোট ভিডিও দেখতে গিয়ে কখন যে দীর্ঘ সময় পার হয়ে যায়, তা অনেক সময় শিশুরাও বুঝতে পারে না। এতে পড়াশোনা, খেলাধুলা, ঘুম ও পরিবারের সথে সময় কাটানোর ওপর প্রভাব পড়তে পারে। তবে শিশুকে বারবার বকাঝকা না করে স্মার্টফোনের কিছু সেটিংস পরিবর্তনের মাধ্যমে রিল দেখার সময় নিয়ন্ত্রণে সাহায্য করা সম্ভব। অভিভাবকেরা চাইলে ফোনেই নির্দিষ্ট সময়সীমা, কনটেন্ট নিয়ন্ত্রণ করতে পারেন।

শিশুর রিল দেখা কমাতে ফোনের যেসব সেটিংস বদলাবেন

১. অ্যাপ ব্যবহারের সময় নির্ধারণ করুন

অ্যান্ড্রয়েড ফোনে Digital Wellbeing অপশনে গিয়ে App Timers চালু করা যায়। এর মাধ্যমে ইউটিউব বা অন্য ভিডিও অ্যাপ ব্যবহারের জন্য দৈনিক সময়সীমা নির্ধারণ করা। নির্ধারিত সময় শেষ হলে অ্যাপটি ব্যবহারে বিরতি আসে।
 
২. Google Family Link ব্যবহার করুন

অভিভাবকের ফোনে Google Family Link অ্যাপের মাধ্যমে শিশুর ফোনের স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করা। কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করা যাবে, তা নির্ধারণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অ্যাপ বন্ধও রাখা।

৩. ইউটিউব কিড্স ব্যবহার করুন

 সাধারণ ইউটিউবের বদলে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘ইউটিউব কিড্স’ ইনস্টল করুন। এখানে বয়স অনুযায়ী কনটেন্ট ফিল্টার করা যায় এবং প্রয়োজনে সার্চ অপশন বন্ধ রাখা যায়। 

৪. অটো-প্লে বন্ধ করুন

 একটি রিল শেষ হওয়ার পর পরেরটি নিজে থেকেই চলে আসে। ফলে শিশু বুঝতেই পারে না কতক্ষণ ধরে ভিডিও দেখছে। ইউটিউবের Settings থেকে Autoplay বন্ধ করে দিন। ফেসবুক বা ইনস্টাগ্রামের ভিডিও সেটিংসেও অটোপ্লে নিয়ন্ত্রণের সুযোগ থাকলে সেটি বন্ধ করুন। 

৫. রেসট্রিকটেড মোড চালু করুন

 ইউটিউব অ্যাপের সেটিংস থেকে জেনারেল অপশনে গিয়ে রেসট্রিকটেড মোড চালু করুন। এতে অনুপযুক্ত বা সহিংস কনটেন্ট অনেকটাই আটকানো যায়। 

৬. স্ক্রিন টাইম নির্ধারণ করুন

 অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিইং ও পেরেন্টাল কন্ট্রোলে গিয়ে ইউটিউবের জন্য দিনে ৩০ মিনিট বা ১ ঘণ্টা সময়সীমা বেঁধে দিন। নির্ধারিত সময় শেষ হলে অ্যাপটি নিজেই লক হয়ে যাবে। আইফোনে স্ক্রিন টাইম থেকে অ্যাপ লিমিট ব্যবহার করে একইভাবে সময় নির্ধারণ করা যায়। 

৭. হঠাৎ ফোন কেড়ে নেবেন না

প্রতিদিন তিন ঘণ্টা ফোন দেখা শিশুকে পরদিন থেকেই একেবারে দেখতে না দিলে কান্না ও জেদ আরও বাড়তে পারে। প্রথমে দেখার সময় অর্ধেকে নামিয়ে আনুন, এরপর প্রতিদিন ১০ মিনিট করে কমান। 

৮.বিকল্প কার্যক্রমে যুক্ত করুন

 শুধু ‘না’ বললে চলবে না, ‘না’-এর পাশাপাশি বিকল্পও দিতে হবে। ছবি আঁকা, গল্পের বই পড়া, লেগো বা বুদ্ধি খাটানোর খেলনা, মাটি দিয়ে খেলা, পার্কে যাওয়া কিংবা রান্নাঘরে বাবা-মাকে টুকিটাকি কাজে সাহায্য করার সুযোগ দিলে শিশুর অভ্যাস বদলাতে সহজ হয়। 

৯. খাওয়া ও ঘুমে ‘নো-স্ক্রিন’ নিয়ম

 খাওয়া ও ঘুমানোর সময় ঘরে কারও হাতেই ফোন থাকবে না-বড়দের হাতেও নয়। বড়দের দেখেই শিশুরা শেখে; অভিভাবকেরা ফোন ব্যবহার করলে শিশুরাও তা চাইবে।

শুধু সেটিংস বদলালেই হবে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ২০১৯ সালের নির্দেশনা অনুযায়ী, দুই বছর বয়সী শিশুর বিনোদনমূলক স্ক্রিন টাইম দিনে এক ঘণ্টার বেশি হওয়া উচিত নয়; তিন থেকে চার বছর বয়সীদের ক্ষেত্রেও সীমা এক ঘণ্টা। যত কম, তত ভালো। অন্যদিকে, American Academy of Pediatrics (AAP) অভিভাবকদের অটোপ্লে বন্ধ, স্ক্রিনমুক্ত সময় নির্ধারণ এবং বিকল্প বিনোদনের ব্যবস্থা করার পরামর্শ দেয়।

তাই ফোনের সেটিংস বদলানোর পাশাপাশি শিশুকে গল্পের বই, খেলাধুলা, ছবি আঁকা কিংবা পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ দিন। মনে রাখবেন, শিশুর হাতে ফোন কমিয়ে দেয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো তার অবসরকে আনন্দময় বিকল্প দিয়ে ভরিয়ে তোলা।