...|...|...

সারাদেশ

সাজেকে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৪৫
Shares
সাজেকে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

রাঙামাটির সাজেক থানার একটি হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আলোময় চাকমা (৩২), পিতা- নতুন লাল চাকমা এবং সোহেল চাকমা (২২), পিতা- মৃত বিক্রম শান্তি লাল চাকমা। আদালতের আদেশে তাদের দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

রায়ের আদেশে বলা হয়, আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলোময় চাকমা পলাতক ছিলেন। তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে কিংবা পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ার পর বিধি মোতাবেক তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। একই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ পুনরায় গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

অন্যদিকে, রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকা আসামি সোহেল চাকমাকে সাজা ভোগের জন্য সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আদালতের আদেশে আরও উল্লেখ করা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা এ রায়ের বিরুদ্ধে সাত দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন।

এছাড়া ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৭৪ ধারা এবং Criminal Rules and Orders-এর Volume-1, Rule-118 অনুযায়ী আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার রায় ও আদেশের কপিসহ প্রয়োজনীয় নথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ের অনুলিপি প্রয়োজনীয় কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রাঙামাটি পার্বত্য জেলা বরাবর পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

আদালতের এ রায়ের মধ্য দিয়ে সাজেকের আলোচিত হত্যা মামলাটির বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে উচ্চ আদালতে আপিলসহ আইনি প্রক্রিয়ার আরও কয়েকটি ধাপ রয়েছে।