...|...|...

সারাদেশ

সাজেকে সেনাবাহিনীর সাথে গোলাগুলি

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৩৮
Shares
সাজেকে সেনাবাহিনীর সাথে গোলাগুলি

সাজেকে সেনাবাহিনীর সাথে গোলাগুলি। ছবি: টাইমস টুডে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিমি এলাকায় সেনাবাহিনীর সাথে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে কয়েক দফা গোলাগুলির শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা গোলাগুলি হয়।

তবে গোলাগুলির এ অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। সংগঠনটির দায়িত্বশীল একটি সূত্র জানায়, সাজেকের কোথাও গোলাগুলির খবর তাদের জানা নেই। মাচালং এলাকায় তাদের কোনো দলও নেই। এ ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, গত কয়েক দিন ধরে সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।