রাঙামাটির সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে সাত পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রবিবার (১৮ অক্টোবর) সকালে পর্যটকদের নিয়ে সাজেক থেকে ছেড়ে আসা জিপটি শিজকছড়া এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাজেক থানার ওসি মো. তোফাজ্জল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। পরে তাদের দ্রুত খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আহত পর্যটকেরা মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
সাজেক থানার ওসি মো. তোফাজ্জল হোসেন বলেন, চাঁদের গাড়ি উল্টে সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।


